সিলেটবাসীর এবার ফুটবলানন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটানন্দের পর এবার ফুটবলানন্দে মাতবে সিলেটবাসী। টি-টোয়েন্টি বিশ্বকাপ সিলেটের দর্শকদের মাতিয়েছিল ক্রিকেটপ্রেমে, সেই তাদেরই দারুণ আগ্রহ এখন ফুটবলকে ঘিরে। যদিও উপলক্ষ একটি মাত্র ফুটবল ম্যাচ। আগামীকাল সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমবারের মতো একটি বিদেশি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। নেপাল অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এই ম্যাচটিই ফুটবল-জ্বরে কাঁপিয়ে দিচ্ছে সিলেটকে। ২৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে দর্শক ভরা গ্যালারি আশা করছেন আয়োজকেরা।
ম্যাচটির প্রচারণা শুরু হতেই গত কয়েক দিনের টানা বৃষ্টি ভীষণই শঙ্কা জাগিয়েছিল আয়োজন নিয়ে। অবশ্য গতকালকের কড়কড়ে রোদ নিমেষেই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে। দ্রুত স্টেডিয়ামের পানিনিষ্কাশন করে মাঠকর্মীরা ইতিমধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলেছেন। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছে নেপাল। ঢাকার আর্মি স্টেডিয়ামে হওয়া প্রথম ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ১-০ গোলে। গতকালই দুই দলের খেলোয়াড়েরা দ্বিতীয় ম্যাচটি খেলতে পৌঁছে গেছেন সিলেটে।
ম্যাচের স্থানীয় আয়োজক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে নানা প্রচারণা শুরু করেছে। রিকশা-টেম্পো-সিএনজি অটোরিকশার মাধ্যমে মাইকিং করে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট। ব্যানার-ফেস্টুন-তোরণে ভরে গেছে পুরো শহর। সব জায়গায়ই সাজ সাজ রব।