সিলেটে ইতিহাসের ইতি-কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ। এক দৌড়ে কোর্ট ছাড়লেন তিনি। চোখভরা পানি। টপটপ করে গাল বেয়ে মাটিতে পড়ছে। আশপাশের সবাই তাঁকে ঘিরে ধরে উল্লাস প্রকাশ করছে। পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি তাঁর পুরো শরীরে জড়িয়ে দেন লাল-সবুজের পতাকা। পতাকা জড়িয়ে তাতে চুমু খেয়ে মাথার ওপরে তুলে ধরে কান্নাভেজা কণ্ঠে উচ্চারণ করেন, ‘আমার প্রিয় বাংলাদেশ’।একটু আগেই যে সিলেট বিকেএসপিতে উশুর সানসু ইভেন্টে ইতিহাস গড়ে সোনা জিতেছেন এই ইতি ইসলাম। এ খেলায় এটিই প্রথম সোনা বাংলাদেশের। ৫২ কেজি ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার ওয়াশান্তি লাকমেলিকে হারানোর পর শুরু হয় বাঁধভাঙা আনন্দ। মুহূর্তেই মুখর হয়ে ওঠে কিছুক্ষণ আগের গুমোট পরিবেশ।আর ইতি? বিজয়ের আনন্দে কাঁদলেন। বললেন, ‘শুরু থেকেই সোনা জেতার ব্যাপারে আশাবাদী ছিলাম। তবে সামান্য একটু সংশয় তো ছিলই। খেলতে নামার পর সংশয়টাও দূরে চলে যায়। জাতীয় পতাকা দেখে আমার উত্সাহ আরও বেড়ে যায়।’একনাগাড়ে বলতে থাকেন ইতি, ‘মঞ্চে খেলতে যাওয়ার সময় লক্ষ করি, আমার ঠিক সামনের দর্শক-গ্যালারিতে কয়েকজন বাংলাদেশের পতাকা ধরে বসে আছেন। পতাকাটা দেখেই মনটা চাঙা হয়ে ওঠে। মনে মনে শপথ নিই, দেশের জন্য কিছু একটা করার এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তখনই মনে হচ্ছিল, সোনা জেতা সম্ভব। যতক্ষণ মাঠে ছিলাম, ততক্ষণ চোখের সামনে ভেসেছে লাল-সবুজ পতাকা। এ সাফল্য তাই প্রিয় জন্মভূমিকেই উত্সর্গ করলাম।’ইতির জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। ১০ ভাইবোনের মধ্যে সবার ছোট। বাবা মফিজুল ইসলাম মারা গেছেন ১৯৯৭ সালে। মা হাসিনা খাতুন তাঁদের ঘিরেই স্বপ্ন দেখেন। পরিবারের ছোট হওয়ায় সবার কাছেই অতি আদরের ইতি। তাঁর আগ্রহ, আবদার আর ভালোলাগার বিষয়গুলো পরিবারের সদস্যরা সব সময় যথাসাধ্য পূরণের চেষ্টা করেন।ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক ইতির। সেই থেকেই বাংলাদেশ আনসারের ‘খেলোয়াড়’ কোটায় চাকরি নেন। গত নভেম্বরে এসএ গেমসের উশুর ক্যাম্পে ডাক পান। মাত্র এক মাসের প্রস্তুতি শেষে এল এই সাফল্য।ক্যাম্প কমান্ড্যান্ট সাবা অসিন জেসাই বললেন ‘গত কয়েক দিন ভালো ঘুম হয়নি। ইতির সাফল্যে আজ নিশ্চিন্তে ঘুমাতে পারব।’শীর্ষে ভারতইতি সোনা জিতলেও বাংলাদেশের কেউ রুপাই জিততে পারেননি। ব্রোঞ্জ পেয়েছেন দুজন—বাসনা খন্দকার ও ফাহমিদা ইয়াসমিন। তিনটি সোনা জিতে ভারত সবার ওপরে। পাকিস্তান পেয়েছে দুটি সোনা। আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল যথাক্রমে তিনটি, দুটি ও একটি করে রুপা জিতেছে। এ ছাড়া আফগানিস্তান তিনটি; ভারত, পাকিস্তান ও নেপাল দুটি করে এবং শ্রীলঙ্কা একটি ব্রোঞ্জ পেয়েছে।