সিলেটে ক্রিকেট ‘ছড়ানো’র সভা
প্রতিশ্রুতির বাক্স থেকে এখনো বের হতে পারেনি আঞ্চলিক ক্রিকেট সংস্থা। তাতে কী? ক্রিকেটের ‘বিকেন্দ্রীকরণ’ তো হচ্ছে! সিলেটে গিয়ে মহাসমারোহে পরিচালনা পর্ষদের সভা করার মাধ্যমে আজ হচ্ছে সেই ‘বিকেন্দ্রীকরণের’ শুরু। হাসবেন না, বিসিবির কাছে বোর্ড সভা ঢাকার বাইরে নিয়ে যাওয়াটাই আপাতত বিকেন্দ্রীকরণ, সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়া। সেজন্য ছয়টি বিভাগীয় শহরেই নাকি পর্যায়ক্রমে বোর্ড সভা হবে।টেস্ট মর্যাদা পাওয়ার আগে থেকেই বাংলাদেশের ক্রিকেটে চালু স্লোগান—আঞ্চলিক ক্রিকেট সংস্থা করতে হবে। বোর্ড সভাপতি হিসেবে যিনিই আসেন, কর্মপরিকল্পনার অগ্রভাগে রাখেন এই প্রতিশ্রুতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে সবকিছুর অগ্রভাগটাই খসে পড়ে আগে! অবশ্য সিলেটে বোর্ড সভা করার সার্থকতা প্রমাণ করতেই কিনা, আজকের সভার আলোচ্যসূচির মধ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র অনুমোদনের বিষয়টিও রাখা হয়েছে। কততম বারের মতো, সেটির অবশ্য হিসাব নেই। অনেকে বলতে পারেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা না হলেই কী! ক্রিকেট তো ছড়াচ্ছে! পুণ্যভূমি সিলেট থেকে সেই ‘ছড়ানো’ শুরু হচ্ছে আজ। কাল টেলিফোনে যোগাযোগ করলে বিসিবির পরিচালক সিলেটের ইমরান চৌধুরী এ নিয়ে উত্তেজনায় ফুটছেন বলে মনে হলো, ‘বোর্ড সভা নিয়ে আমরা সবাই উৎসবের মধ্যে আছি। এখানকার মানুষের প্রত্যাশা, সিলেটকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ঘোষণা করা হবে। সিলেটে মাঠ-হোটেল সব আছে। আজ খেলা দিলে আজই খেলা হওয়া সম্ভব।’ শুধু বোর্ড সভা নয়, আজ সিলেটের ক্রিকেট উন্নয়নসংক্রান্ত একটা মতবিনিময় সভাও হওয়ার কথা। বোর্ড সভাপতির আমন্ত্রণে তাতে উপস্থিত থাকার কথা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের।ক্রিকেট ‘বিকেন্দ্রীকরণের’ উৎসবমুখর উপলক্ষের সাক্ষী হতে চার-পাঁচজন ছাড়া প্রায় সব বোর্ড পরিচালকই এখন সিলেটে। আরও গেছেন প্রধান নির্বাহী ও প্রধান অর্থ কর্মকর্তাসহ বিসিবির বেতনভুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা। সভা বাবদ খরচ প্রায় ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আছে যাতায়াত খরচ, থাকা-খাওয়া এবং পরিচালকদের ভাতা। সিলেটের বাইরের বিসিবির প্রত্যেক পরিচালক পাবেন ৬ হাজার টাকা করে। স্থানীয় পরিচালক পাবেন ৩ হাজার টাকা।তা কেমন হবে এত আয়োজনের সভা? যতটুকু জানা গেছে, সভায় উত্তাপ ছড়ানোর সম্ভাবনা প্রবল। আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র, জাতীয় দল ব্যবস্থাপনা সদস্যদের চুক্তি নবায়ন ও নিয়োগ, বর্ষপঞ্জি, জেলা পর্যায়ে কোচ নিয়োগ, ফিল্ডিং কোচ, ফিজিও এবং একাডেমির বিশেষজ্ঞ কোচ নিয়োগ, বিসিবির কোচের কার্যপরিধি, জাতীয় দলের খেলোয়াড় ও দল ব্যবস্থাপনা সদস্যদের বোনাস নীতি—এসবের বাইরে বোর্ড পরিচালকদের ব্যক্তিগত রেষারেষির প্রভাবও পড়তে পারে সভায়।ক্রিকেট ছড়িয়ে দেওয়ার দিনে সামান্য উত্তাপ ছড়াবে না, তা কি হয়?