সিলেটে জাতীয় ব্যাডমিন্টন শুরু
৬৯টি দলের ৩২৬ জন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সরব উপস্থিতিতে মুখর এখন সিলেট। কোর্ট দাপিয়ে নারী ও পুরুষ খেলোয়াড়দের চোখধাঁধানো খেলা দেখতে দর্শক উপস্থিতিও মন্দ নয়। আর দর্শক-খেলোয়াড়ের এ উন্মাদনা গতকাল থেকে শুরু হওয়া রূপালী ব্যাংক লিমিটেড ৩৩তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেলা একটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেও সকাল নয়টায় শুরু হয়ে যায় খেলা। প্রথম দিনে ম্যাচ হয়েছে ১২৮টি। নগরের মাছিমপুরের সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সে ১৭ নভেম্বর পর্যন্ত খেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জেলা ক্রীড়া কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।