সিলেটে ঝড়ের দিনে শীতল ঢাকা
টি-টোয়েন্টি বলে প্রত্যাশা তো বেশি থাকেই। এশিয়া কাপের সেই আগুনে ম্যাচের রেশটাও ছিল। কারণ যা-ই হোক মিরপুরে মহারণের অর্ধেকটা দেখে দর্শকেরা কিন্তু হতাশ। চার-ছক্কার ঝড় দেখবেন বলেই না কালোবাজারিদের গড়ে আট-দশ গুণ বেশি দাম দিয়ে মাঠে ঢোকার সেই সোনার হরিণ টিকিট কিনেছিলেন। সে ঝড় উঠল কোথায়! ২০ ওভারে ১৩০ রান তাড়া করার ম্যাচ কি আর টি-টোয়েন্টির ধরো-মারো মেজাজের সঙ্গে যায়! এ যেন হলিউড কিংবা বলিউডের সেসব ছবির মতো, তারকার ঠাসাঠাসি আর বিপুল পরিমাণ অর্থলগ্নির পরও যেগুলো মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে।
মিরপুরের দর্শকদের চেয়ে বরং সিলেটের দর্শকেরাই নিজেদের সৌভাগ্যবান ভাবতে পারে। পাকিস্তান-ভারতের মতো হট ফেবারিট দল ছিল না সেখানে, ছিল না তারকার ছড়াছড়িও। কিন্তু প্রথম পর্বের এক ছোট ম্যাচে আয়ারল্যান্ড-হল্যান্ড পয়সা উশুল করে দিয়েছে দর্শকদের। আইরিশদের ছুড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্য হল্যান্ডকে মাত্র ১৩.৫ ওভারে যারা পেরিয়ে যেতে দেখেছেন তাদের কাছে ভারত-পাকিস্তানের এই ম্যাচটা তো পানসে লাগারই কথা। এদিকে ২০ ওভার খেলে পাকিস্তান তুলল ১৩০ রান, অথচ সমান রান সিলেটে আইরিশরা করেছিল ১৬তম ওভারে, হল্যান্ড তুলেছিল ১০ ওভারেই! ৩০ ছক্কা আর ২৫ চারের ম্যাচের পর এদিকে সুনামি না হোক অন্তত ছোটখাটো কালবৈশাখী না হলে কি জমে!
পাকিস্তান ঝড়ের জন্য সবচেয়ে বেশি তাকিয়ে ছিল তো আফ্রিদির দিকেই। সুযোগটা আফ্রিদি পেয়েছিলেনও। ১৬তম ওভারে যখন ব্যাট হাতে নামেন, পাকিস্তান ৪ উইকেটে ৯৭, ইনিংসের ২৮ বল বাকি। এ রকম পরিস্থিতিই তো আফ্রিদি-ঝড়ের সবচেয়ে ভালো মঞ্চ হওয়ার কথা। কিন্তু এশিয়া কাপে ভারত ও বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচে খুনে ব্যাটিং করা পাকিস্তানি অলআউন্ডার এদিন আউট হলেন ১০ বলে মাত্র ৮ রান করে।
আগুনে ম্যাচের তকমা গায়ে নিয়েও বাস্তবে সেই উত্তাপ না ছড়ানোতেই কি না আর পাঁচ-দশটা ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে এদিন গ্যালারিও থাকল চুপচাপ।