সিলেটের ওয়ানডে মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দল ঘোষণা করে দিয়েছে। আজ আসছে টিকিট বিক্রি শুরুর ঘোষণাও। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সংশয়টা কেটে গেছে বেশ আগেই। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা এখনো বাকি। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটি সেই আনুষ্ঠানিকতা সারবে সম্ভবত ২৩ জানুয়ারি। যদিও কাল এসএলসি সচিব নিশান্থা রানাতুঙ্গা একরকম আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত করে দিলেন সফর। রানাতুঙ্গা নিশ্চিত করে দিয়েছেন সিলেটে খেলতে না যাওয়ার ব্যাপারেও। ১৭ জানুয়ারি সিলেটে অনুষ্ঠেয় ওয়ানডে ম্যাচটি তাই হবে মিরপুরে।
শ্রীলঙ্কার দুই সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষক দল বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে আসে ১২ জানুয়ারি। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে সফর নিয়ে সবুজসংকেত দিয়ে রেখেছেন রানাতুঙ্গা সপ্তাহ খানেক আগেই। কাল ক্রিকইনফোকে প্রায় নিশ্চিতই করে দিলেন সফর, ‘যে প্রতিবেদন আমরা পেয়েছি তাতে বুঝতে পেরেছি যে আমাদের ক্রিকেটাররা বাংলাদেশে নিরাপদ। সত্যি বলতে, আমরা ওখানে না যাওয়ার সিদ্ধান্তই কখনো নিইনি। ওরা যে নিরাপত্তা পরিকল্পনা আমাদের দেখিয়েছে ও যা কিছু অঙ্গীকার করেছে, তাতে আমরা সন্তুষ্ট।’
জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের বাংলাদেশে পা রাখার কথা ২৪ জানুয়ারি। আর এসএলসির নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার কথা ২৩ জানুয়ারি। ব্যবধান যেহেতু মাত্র ২৪ ঘণ্টার, রানাতুঙ্গার কথাকেই তাই কার্যত আনুষ্ঠানিক ঘোষণা ধরে নেওয়া যেতে পারে।
সিলেটে খেলা না হওয়াটাও অনেকটা নিশ্চিতই ছিল। বিসিবি যদিও চেষ্টা করে যাচ্ছিল শ্রীলঙ্কাকে রাজি করানোর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচটি দিয়ে সিলেটের আন্তর্জাতিক অভিষেকের কথা ভাবছিল বিসিবি। কিন্তু রানাতুঙ্গা কাল জানিয়ে দিলেন, বাড়তি ভ্রমণের ধকলটা নেবে না শ্রীলঙ্কা, ‘ক্রিকেটারদের ভ্রমণ একটু বেশিই হয়ে যাচ্ছে বলে আমরা ম্যাচটি সরিয়ে নিতে বলেছিলাম। বলেছিলাম যে অন্য দুই ভেন্যুর যেকোনোটিতে খেলা হলেই আমরা খুশি।’ বিসিবি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে একটি সূত্র নিশ্চিত করেছে, সিলেটের ম্যাচটি হবে মিরপুরে। অর্থাৎ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হচ্ছে শেরেবাংলায়।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে গত কিছুদিনে অনেক নেতিবাচক প্রচার হলেও শ্রীলঙ্কা যে সব সময় পাশে ছিল, সেটি আবার মনে করিয়ে দিয়েছেন রানাতুঙ্গা। ব্যাখ্যা করেছেন পাশে দাঁড়ানোর কারণটিও, ‘এশিয়ায় এমনিতেই পাকিস্তানে খেলা হচ্ছে না। একটি টুর্নামেন্ট চাইলে সরিয়ে নেওয়াই যায়। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এই অঞ্চলের আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল, খুব সমস্যা না হলেও তাই সেখানে ক্রিকেট চালু রাখাটা খুব জরুরি।’