সিলেটের কাছে বরিশালের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা গ্ল্যাডিয়েটরসের পর জয় দিয়ে বিপিএলের দ্বিতীয় আসর শুরু করেছে সিলেট রয়্যালস। বরিশাল বার্নার্সকে তারা হারিয়েছে ৩৩ রানে। জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রানে শেষ হয় বরিশালের ইনিংস। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ২১ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন বরিশালের ইংলিশ অলরাউন্ডার কবির আলী। সিলেট রয়্যালসের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন সোহরাওয়ার্দী শুভ।১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি বরিশাল বার্নার্স। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ৪০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন অধিনায়ক অলোক কাপালি ও শুভাগত হোম। দুটি উইকেটই শিকার করেছেন মোহাম্মদ নবী। নবম ওভারে দলের অন্যতম প্রধান ভরসা আজহার মেহমুদও বিশ্বনাথ হালদারের শিকারে পরিণত হলে চাপের মুখে পড়ে যায় বরিশাল। তবে তাদের সবচেয়ে বড় ধাক্কাটি আসে দশম ওভারে। এক ওভারেই একে একে ফিরে যান সাব্বির রহমান, ফিল মুস্টার্ড ও জুবায়ের আহমেদ। এর মধ্যে প্রথম দুজন হয়েছেন রানআউটের শিকার। ৬৪ রানে ৬ উইকেট হারানোর পর হারটা প্রায় নিশ্চিতই হয়ে যায় বরিশালের। তবে খেলার শেষপর্যায়ে দুর্দান্ত ব্যাটিং করে উত্তেজনা ছড়িয়েছিলেন বরিশালের ইংলিশ অলরাউন্ডার কবির আলী। মাত্র ২১ বলে তিনি খেলেছেন ৫০ রানের চমত্কার এক ঝোড়ো ইনিংস।এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশাল বার্নার্সের অধিনায়ক অলোক কাপালি। ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করেছিলেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও পল স্টার্লিং। ২১ বলে তাঁরা সংগ্রহ করেছিলেন ৩৭ রান। চতুর্থ ওভারে মাসাকাদজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাজমুল ইসলাম। ১৯ রান করে ফিরে যান মাসাকাদজা। কিন্তু তার পরও ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন স্টার্লিং। দ্বিতীয় উইকেটে মমিনুল হককে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৫১ রানের চমত্কার এক জুটি। নবম ওভারে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা স্টার্লিং রানআউটের ফাঁদে পড়লে কিছুটা স্বস্তি ফেরে বরিশাল শিবিরে। এরপর আর কোনো উল্লেখযোগ্য বড় জুটি গড়ে তুলতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা। মমিনুল হক ৪৫ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ১৭তম ওভারে। এ ছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ও এলটন চিগুম্বুরা খেলেছেন ১৩ রানের ইনিংস। ১১ রান এসেছে সোহাগ গাজীর ব্যাট থেকে।