সিলেটের জন্য সুখবর
শেষ সময় ছিল ৩০ নভেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হতে হলে এর মধ্যে প্রস্তুত হতেই হতো সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে। বিশ্বকাপ সামনে রেখে তৈরি এই স্টেডিয়াম যে সেই পরীক্ষায় উত্তীর্ণ, তা বোঝা যাচ্ছে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির কথাতেই।
সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে টেটলি বলেছেন, ‘কাজের অগ্রগতি দুর্দান্ত। সব কাজ শেষ হয়ে গেলে অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং সুযোগ-সুবিধার দিক দিয়ে এই স্টেডিয়াম বিশ্বের অন্য যেকোনো স্টেডিয়ামের প্রতিদ্বন্দ্বী হতে পারবে।’ বিভাগীয় স্টেডিয়ামের পাশাপাশি বিশ্বকাপের প্র্যাকটিস ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামও পরিদর্শন করেছেন টেটলি।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ফতুল্লা স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেছে টেটলির নেতৃত্বাধীন আইসিসির প্রতিনিধিদল। আজ ঢাকায় ফিরে তাঁরা যাবেন বিকেএসপি।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের আশা, আইসিসি প্রতিনিধিদলের সন্তোষ প্রকাশের পর সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে আনুষ্ঠানিকভাবে সেটা পাওয়ার আগে চূড়ান্তভাবে স্টেডিয়াম পর্যবেক্ষণে আসবেন আইসিসির কোনো ম্যাচ রেফারি।