সিলেটের রিংটোনে শুধুই ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসবক্স থেকে ২২ গজ যতটা নজর কাড়ে, তার চেয়ে অনেক বেশি টানে পাহাড় কেটে বানানো গ্যালারিটা। দক্ষিণ আফ্রিকার মাটির গ্যালারির কোনো মাঠে বসে থাকার অনুভূতি কাজ করবে মনে। লাক্কাতুরা চা-বাগানের টিলা কেটে উঠে দাঁড়ানো সিলেট বিভাগীয় স্টেডিয়ামটা প্রথম দেখাতেই মুগ্ধতা ছড়ায়।
অতিথি দলগুলোকে তো ক্রিকেটের এই নয়া উদ্যান একেবারেই বিমুগ্ধ করে দিয়েছে। বেশি ভালো লাগে এখানকার দর্শক-উৎসাহ। কদিন ধরে ক্রিকেটের আনন্দযজ্ঞে দর্শকেরা নিখাদ ক্রিকেটীয় বিনোদন খুঁজেছে একেকটি চারের মারে, ছক্কা হলে লাফিয়ে উঠেছে গ্যালারি। ৩০ ছক্কার হল্যান্ড-আয়ারল্যান্ড ছেলেদের ম্যাচ নাচিয়ে ছেড়েছিল পুরো মাঠকেই! এক ক্রিকেট-বিচ্ছুরণ ঢেকে দিয়েছে চারদিক। বলতেই হয়, আবেগের মাদকতায় টালমাটাল ক্রিকেট নেটওয়ার্ক এখন পুরোপুরিই উচ্চ তারে বেঁধে দিয়েছে সিলেটকে। অতিথিরা বিমোহিত। আইসিসির তরুণ অস্ট্রেলিয়ান মিডিয়া প্রতিনিধি, ‘এভরিথিং ইজ গুড’ বাক্যটা আওড়ে গেলেন কয়েকবার। ২৩ মার্চ মেয়েদের টি-টোয়েন্টি শুরুর আগের দিন একই সুর ছিল ছয় দলের অধিনায়কের কণ্ঠে, ‘এত দর্শকের সামনে আমরা খেলিনি কখনো। দর্শক খুবই ভালো, ভালো খেলাটা ওরা সমর্থন করে।’
এই প্রথম সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট। আগ্রহটা বেশি হওয়াই স্বাভাবিক। শহরটা তাই বুঁদ হয়ে আছে ক্রিকেটে। রাস্তায় যানজটের মধ্যেও হকারের বিপণন পণ্য এখন ক্রিকেট। স্টেডিয়াম আঙিনার কথা না-ই বলা হলো। কান পাতলে শহরের রিংটোন শোনা যায় একটাই—ক্রিকেট। রিকশাচালক থেকে শুরু করে পাজেরো জিপের যাত্রী—কেউ বাদ নেই এই ঘোরলাগা থেকে। ক্রিকেট, ক্রিকেট...!
শহরের সাজসজ্জার বড় অবদান আছে এতে। সিলেট বিভাগীয় স্টেডিয়াম চত্বর সেজেছে অপরূপ সাজে। চা-বাগানের মাঝখানে কারও ব্যাটিং, কারও বোলিং অ্যাকশনের ছবি ঝুলছে। এ শহরের মোড়ে মোড়ে বিশাল বিলবোর্ড আর রাতে উজ্জ্বল আলোর ঝলকানি। মায়াবী এক জগৎ! সবকিছুর যোগফল, সিলেটবাসীর শ্বাস-প্রশ্বাসেই যেন ঢুকে পড়েছে ক্রিকেট!
বাংলাদেশ দল আগামীকাল মাঠে নামলে উৎসবের ফুল ছড়াবে নতুন সুগন্ধ। একই সঙ্গে মেয়েদের ক্রিকেটের দিগন্ত বিস্তৃত হবে আরও। এমনই বিশ্বাসে আক্রান্ত সবাই। তবে বাংলাদেশ কোচ শেন ডিটজ কাল এখানে সাংবাদিকদের বলেছেন, জয়টাকে পাখির চোখ করে নামা চলবে না। ভালো খেলাই হোক প্রথম লক্ষ্য, তাহলে শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয় এলেও আসতে পারে!
জয় কীভাবে ছিনিয়ে নিতে হয়, কাল সেটি ভালোই দেখাল বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ইংল্যান্ডকে ৯ রানে হারিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক মেরিসা আগিলেরা। ফিল্ডিং করতে গিয়ে দুজন ওয়েস্ট ইন্ডিয়ান আহত হলেন, তবে সেটি ক্যারিবীয়দের জয়ের পথে দেয়াল তোলেনি। সব বিভাগেই দক্ষতার ছাপ রাখল আগিলেরার দল।
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি পরশু যা করল, সেটি অবশ্য অনেক বড় ক্রিকেটীয় বিজ্ঞাপন। অনেকেরই মুখে মুখেই তা ফিরছে। উদ্বোধনী জুটিতে অপরাজিত ১৬৩ রান মেয়েদের টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই সর্বোচ্চ। শহর সিলেটে যেন রেকর্ডের অ্যালার্মই বেজে উঠেছে জোরেশোরে!