সিলেটের লক্ষ্য ১৪৮ রান
বিপিএলের ষষ্ঠ ম্যাচে জয়ের জন্য সিলেট রয়্যালসকে ১৪৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে দুরন্ত রাজশাহী। বিপর্যয়পূর্ণ মুহূর্তে উইকেটে এসে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জহুরুল ইসলাম। সিলেটের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন এলটন চিগুম্বুরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দুরন্ত রাজশাহীর অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সোহাগ গাজীর শিকারে পরিণত হন দলের প্রধান ব্যাটিং ভরসা তামিম। নিজের পরের ওভারে আবারও রাজশাহী শিবিরের দুঃস্বপ্নে পরিণত হন সোহাগ গাজী। এবার আরেক ওপেনার মুক্তার আলীর উইকেট তুলে নেন এই ডানহাতি অফস্পিনার। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন জহুরুল ইসলাম ও মইন আলি। ১১তম ওভারে মইন আলীকে আউট করে সিলেট শিবিরে স্বস্তি ফেরান চিগুম্বুরা। ২৪ রান করে ফিরে যান মইন আলী। এরপর উইকেটে এসেই হাত খুলে খেলার চেষ্টা করেন জিয়াউর রহমান। চতুর্থ উইকেটে জহুরুলের সঙ্গী হয়ে গড়েন ৩৬ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। ১৫তম ওভারে সোহরাওয়ার্দী শুভর শিকারে পরিণত হওয়ার আগে ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেছেন জিয়াউর। দলীয় ১৩০ রানের মাথায় আরেকটি উইকেটের পতন ঘটে রাজশাহীর। ১৫ রান করে ফিরে যান ক্রেইগ অরভিন। ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করে জহুরুল ও আবুল হাসানকে সাজঘরমুখী করেন চিগুম্বুরা। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে গতকাল চিটাগাং কিংসের বিপক্ষে ২ রানের নাটকীয় জয় পেয়েছিল দুরন্ত রাজশাহী। সিলেট রয়্যালসও বিপিএলের দ্বিতীয় আসর শুরু করেছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে বরিশাল বার্নাসের বিপক্ষে ৩৩ রানের জয় পেয়েছিল সিলেট।