সিলেটের সঙ্গে বাদ চট্টগ্রামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে ৯ আর শেষ বলে দরকার ছিল ৪ রান। ফরহাদ রেজার সেই বলে বাউন্ডারি মেরে বরিশালকে টানটান ম্যাচ জিতিয়েছেন আরাফাত সালাউদ্দিন। অবশ্য মিরপুরে রাজশাহীর বিপক্ষে ৩ উইকেটের এই জয়ে দৃশ্যত বরিশালের খুব বেশি উপকার হয়নি, ক্ষতি হয়নি রাজশাহীরও। কারণ দুই দলই আগে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছিল। লাভ বলতে এই পয়েন্টগুলো দ্বিতীয় রাউন্ডে সঙ্গে যাবে। আসলে গতকাল শেষ রাউন্ডের কোনো ম্যাচের ফলাফলই দ্বিতীয় রাউন্ডের লাইনআপকে প্রভাবিত করেনি। বগুড়ায় মাহবুবুল আলমের (৫/২৭) দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা; দুই দলই দ্বিতীয় রাউন্ডে। জয়-পরাজয়ে ভাগ্য বদলায়নি চট্টগ্রাম ও সিলেটেরও। রাজশাহীতে ফয়সাল হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটকে ১২১ রানে হারিয়েছে চট্টগ্রাম। পয়েন্ট-শূন্য সিলেটের এবারের জাতীয় লিগের এখানেই সমাপ্তি। চট্টগ্রামের অবশ্য ভাগ্য সঙ্গে ছিল না; খুলনার সমান ৪ পয়েন্ট নিয়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি তারা দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরাজয়ে। দিনের সবচেয়ে উত্তেজনাময় ম্যাচটি হয়েছে ঢাকায়। ৮৬ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর জুবায়ের (৪৬) ও আনিসুরের (৬১) ৮৪ রানের জুটির সৌজন্যে ৫০ ওভারে ২২০ রান তুলেছিল রাজশাহী। ওপেনার ফজলে রাব্বি ও হান্নান সরকারের ফিফটি এবং শাহীনের ৪৭ রানে ভালোই এগোচ্ছিল বরিশাল। কিন্তু পিছিয়ে পড়ছিল তারা রান-বলের হিসাবে। শেষ পর্যন্ত শেষ দুই ওভারে ২০ রান তুলে বরিশালের জয় নিশ্চিত করেন আরাফাত সালাউদ্দিন ও ইফতেখার নাঈম। বগুড়ায় ঢাকা-খুলনা ম্যাচের প্রথম অংশটা ছিল মাহবুবুল আলমময়। পরপর দুই ওভারে দুবার করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এই পেসার। ইনিংসের প্রথম বলটা ওয়াইড, পরের দুই বলে দুই উইকেট! পরের ওভার করতে এসে আবার তৃতীয় ও চতুর্থ বলে দুই উইকেট; মাহবুবুলের এই তাণ্ডবে ৪ রানে ৪ উইকেট হারায় খুলনা। ৪ রানের মধ্যে ৪ উইকেট হারানো খুলনাকে চরম বিপর্যয় থেকে বের করে আনে দুই হাফ সেঞ্চুরিয়ান তুষার ইমরান ও সগীর হোসেনের ৯২ রানের জুটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাহবুবুল নিজের পঞ্চম উইকেট ও অধিনায়ক শরীফ ২ উইকেট নিয়ে ১৭০ রানে গুটিয়ে দেন খুলনাকে। আনামুলের ফিফটি ও ওপেনার উত্তম সরকারের ৪৪ রানে গন্তব্যে পৌঁছে যায় ঢাকা। বগুড়ায় দিনটা মাহবুবুলের হলে রাজশাহীতে ছিল ফয়সাল হোসেনের সোনায় মোড়ানো দিন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি ও বল হাতে ৫ উইকেট! অবশ্য চট্টগ্রামের ব্যাটিংটা ফয়সালময় ছিল না; নাফিস ইকবাল, আফতাব আহমেদও রান করেছেন। প্রথম ওভারেই ওপেনার অধিনায়ক নাজিমউদ্দিনকে হারানোর পর দুই হাফ সেঞ্চুরিয়ান নাফিস-আফতাব ৯৬ রানের জুটি করেছেন। ৫৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করে আউট হয়েছেন আফতাব। নাফিস এরপর মমিনুলকে (৩৫) নিয়ে ৫৯ রানের জুটি গড়েছেন। এরপর ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে সাজিয়ে ৫৮ রান করেছেন ফয়সাল।২৫১ রান পাড়ি দেওয়ার কোনো স্বপ্ন জয়হীন সিলেটের থেকে থাকলে তা ওই ফয়সালই শেষ করে দিয়েছেন। সিলেট ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে কাজ শুরু করেন ফয়সাল। ৯ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। তাতেই সিলেট ৩৬.১ ওভারে অলআউট ১৩০ রানে। দ্বিতীয় রাউন্ডে ওঠা ৪ দল ঢাকারই বিভিন্ন ভেন্যুতে আগামী ৮ তারিখ থেকে পরস্পরের বিপক্ষে খেলবে। ভেন্যু নির্ধারিত না হওয়ায় এখনো পর্যন্ত সূচি চূড়ান্ত করতে পারেনি বিসিবি।