কথাটা ঠিক মেসিসুলভ নয়। আর যা-ই হোক, আত্মম্ভরিতাটা তাঁর চরিত্রেই নেই। কথাটা যদিও অমনই শোনাচ্ছে, ‘আর্জেন্টিনা দীর্ঘ সময় সেমিফাইনালে উঠতে পারেনি। আমরা, এই আমরাই সেই সীমান্ত অতিক্রম করেছি।’
কেন এমন বলছেন, সেটি অনুমান করা অবশ্য একদমই কঠিন নয়। আগের দুটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এসেছে মূর্তিমান আততায়ী হয়ে। নিজে তো খেলেনইনি, আর্জেন্টিনাকে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে দেখার স্মৃতিও থাকার কথা নয়। ১৯৯০ সালে তো তাঁর বয়স মাত্র তিন।
শয়নে-স্বপনে বারবার ঘুরেফিরে এসেছে ওই ট্রফি। এই বিশ্বকাপে এসেও বলেছেন, বার্সা সতীর্থদের তিনি ঈর্ষা করেন। কারণ বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় অনুভূতির স্বাদ ওরা পেয়েছে। মনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন, কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালটাই তো আসলে স্বপ্ন হয়ে ছিল এত দিন। সেটি পূরণ হওয়ার পর মেসি অমন বলতেই পারেন।
আজ সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে মেসির সেই স্বপ্নপূরণের দিন। দুই যুগ পর সেমিফাইনালই আর্জেন্টিনার জন্য সীমান্ত পেরোনো। কিন্তু যাত্রাটা এখানেই থেমে গেলে স্বপ্নপূরণের আনন্দ বলে কিছু থাকবে না। থাকবে শুধু হাহাকার, স্বপ্নভঙ্গের যাতনা। মেসির স্বপ্নভঙ্গের ছক কাটছে যারা, বিশ্বকাপে স্বপ্নভঙ্গের সঙ্গে তাদেরই সবচেয়ে বেশি পরিচয়। রাজসিংহাসনে বসতে বসতেও যাদের বসা হয়নি কোনো দিন। তিন-তিনটি ফাইনাল খেলেও বিশ্বকাপ জিততে না পারার যন্ত্রণায় হল্যান্ডের কোনো সঙ্গী নেই।
একটা ফাইনাল এই আর্জেন্টিনার বিপক্ষেই। আজকের ম্যাচের আগে যেটি আলোচনায় আসছে বারবার। আসছেন রব রেনসেনব্রিঙ্কও। বুয়েনস এইরেসের সেই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ঠিক আগে ডাচ উইঙ্গারের শট ফিরে এসেছিল পোস্টে লেগে। তখন পর্যন্ত মারিও কেম্পেসের সঙ্গে তিনি ১৯৭৮ বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা। অতিরিক্ত সময়ে দুই গোল করে প্রথম বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা, যার একটি কেম্পেসের। কেম্পেস গোল্ডেন বুট জেতেন আর রেনসেনব্রিঙ্ক হয়ে যান ‘কমলা দুঃখের’ প্রতীক।
তখন কে জানত, ৩২ বছর পর আরেকটি বিশ্বকাপ ফাইনালও আরেক ডাচ উইঙ্গারের জন্য একই রকম ‘এত কাছে তবু এত দূর’-এর গল্প হয়ে যাবে। জোহানেসবার্গের সকার সিটিতে গত বিশ্বকাপের ফাইনালে আরিয়েন রোবেন ওই সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারলে ইনিয়েস্তার আর ‘কেম্পেস’ হওয়া হয় না।
১৯৭৮ বিশ্বকাপেই রেনসেনব্রিঙ্ক ৩০ পেরিয়ে গেছেন। ‘পাপমোচনের’ কোনো সুযোগ আর পাননি। আরিয়েন রোবেন পেয়েছেন এবং এই বিশ্বকাপে এসেছেন যেন তা করার প্রতিজ্ঞা নিয়েই। সেরা সময় পেরিয়ে এসেছেন কি না, আলোচনা ছিল এ নিয়েই। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন, সেরা সময় এই তো শুরু হলো। দুরন্ত গতি আর ড্রিবলিং মিলিয়ে যেকোনো রক্ষণকে ছিঁড়েখুঁড়ে ফেলার সহজাত ক্ষমতায় আরিয়েন রোবেনই আজ আর্জেন্টিনার সবচেয়ে বড় ভয়ের নাম।
লিওনেল মেসি এমন একটা মানদণ্ড বেঁধে দিয়েছেন যে, নানা প্রসঙ্গে তাঁর নাম ঘুরেফিরে আসে। রোবেনকে বোঝাতে ওয়েসলি স্লাইডারও যেমন মেসিকে টেনেছেন। আর্জেন্টিনার জন্য মেসি যা করেন, হল্যান্ডের জন্য রোবেনও তা-ই। দুই-তিনজনকে নিজের দিকে টেনে এনে সুযোগ তৈরি করে দেন অন্যদের জন্য।
তা এই হল্যান্ড দলের ‘অন্য’রাও কিন্তু খারাপ নন। রবিন ফন পার্সি আছেন। কোয়ার্টার ফাইনালে হল্যান্ডকে ম্যাচে ফেরানো গোলটি করে স্নাইডারের পায়েও আত্মবিশ্বাসের হাওয়া লেগেছে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ত্রয়ীকে ঘিরেই বেশি ছিল আলোটা। অ্যাঙ্গেল ডি মারিয়া ছিটকে পড়ায় আজ আবার দেখা মিলতে পারে সেই ত্রয়ীর। মেসি-হিগুয়েইনের সঙ্গে আগুয়েরো। লড়াইটা তাহলে দুই ত্রয়ীর! যে লড়াইয়ে রোবেন-পার্সি-স্নাইডারকে পিছিয়ে রাখার কোনোই কারণ নেই।
একটা জায়গায় অবশ্যই এগিয়ে থাকবে আর্জেন্টিনা। অ্যারেনা করিন্থিয়ানসের গ্যালারির রং হয়ে যাবে নীল-সাদা। যেখানে হয়তো বিন্দুর মতো ফুটে থাকবে কমলা আর হলুদ। ডাচ মিডফিল্ডার ডার্ক কাউট এটিকেই প্রেরণা বানিয়ে ফেলছেন, ‘চিলি ও মেক্সিকোর বিপক্ষেও গ্যালারিতে আমাদের সমর্থকেরা সংখ্যালঘুই ছিল। কোনো সমস্যা নেই। বিরূপ গ্যালারি আমাদের শক্তি আরও বাড়িয়ে দেয়।’
১৯৭৮ বিশ্বকাপ ফাইনালের কথাই বেশি হচ্ছে। সেটি ফাইনাল বলেই। নইলে সেই পরাজয়ের প্রতিশোধ কিন্তু হল্যান্ড নিয়ে ফেলেছে। ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের অন্তিম লগ্নে ডেনিস বার্গক্যাম্পের ওই স্বর্গীয় গোল বিদায় করে দিয়েছিল আর্জেন্টিনাকে। দুদলের দেখা হয়েছে এর পরও। ২০০৬ বিশ্বকাপে ফ্রাঙ্কফুর্টের ওই ম্যাচটি অবশ্য ভুলেই গেছেন অনেকে। গ্রুপপর্বের ম্যাচ, দুই দলই উঠে গেছে পরের রাউন্ডে। ম্যাড়মেড়ে গোলশূন্য ড্রয়েও প্রতিফলন ছিল যেটির। মাঠের চেয়ে বরং বড় আকর্ষণ ছিল গ্যালারিতে। ম্যারাডোনা তো ছিলেনই। ছিলেন হল্যান্ডের যুবরাজ ও যুবরাজ্ঞীও। এমনিতে এটা বলার মতো কিছু হতো না, যদি যুবরাজ্ঞী ম্যাক্সিমা আর্জেন্টাইন না হতেন!
উইলিয়াম-আলেক্সান্ডার গত বছর রাজা হয়েছেন। ম্যাক্সিমা রানি। দুজনের প্রেমের গল্পটা রূপকথার মতো। সেভিয়ায় কী একটা মেলায় পরিচয় হওয়ার অনেক পরে ম্যাক্সিমা জানতে পারেন, উইলিয়াম শুধু রাজপুত্রই নন, ভবিষ্যৎ রাজাও। আজকের সেমিফাইনালটি তাই শুধু আর্জেন্টিনা বনাম হল্যান্ড নয়, ডাচ রাজা-রানিরও ‘লড়াই’।
এই ম্যাচ না ডাচ রাজপরিবারে দাম্পত্য কলহের কারণ হয়!