গতির প্রতিশব্দ বোল্ট, বোল্ট মানেই গতি। এটি উসাইন বোল্টের ক্ষেত্রে। ক্রিকেটের বোল্ট ততটা গতিময় নন, বোলিং করেন ১৪০ কিলোমিটারের আশপাশে। তবে আছে সুইং। নিউজিল্যান্ডের আরও অনেক পেসারের মতো সুইংটা ট্রেন্ট বোল্টের সহজাত। সমস্যা হলো, সুইংটাকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে পারেন না। রাখতে পারলে কতটা ভয়ংকর হতে পারেন, প্রমাণ মিলল কাল। বোল্টের সঙ্গে সুইং বোলিংয়ের পসরা সাজালেন টিম সাউদিও। দুজনের সুইং যুগলবন্দীতে বিধ্বস্ত ইংল্যান্ড, প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২০৪ রানে!জবাবটা ইংল্যান্ডও দিয়েছে সুইংয়েই। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছিল ৮ রানেই। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দিন শেষ হয়েছে ৩ উইকেটে ৩৫ রানে। দিনটি তবু শুধুই কিউইদের। ব্যবধানটা হয়ে গেছে প্রথম ইনিংসেই! তবে ২৩৯ রানের লিড পেয়েও ইংলিশদের রানে চাপা দিতে ফলো অন করাননি ম্যাককালাম। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে নিউজিল্যান্ডের লিড ২৭৪ রান। জেনে রাখুন, ইডেন পার্কের এই ড্রপ ইন উইকেটে ১৬৬ রানের বেশি তাড়া করে জেতেনি কোনো দল!ইডেন পার্কের উইকেট কাল আরেকবার বোকা বানিয়েছে বিশেষজ্ঞদের। উইকেট দেখে সাবেক দুই কিউই ওপেনার মার্ক রিচার্ডসন ও ক্রেইগ কামিং ধারাভাষ্যকক্ষ থেকে বললেন, ব্যাটিংয়ের জন্য আজই হবে সেরা দিন। কিন্তু ইচ্ছেমতো বল সুইং করিয়ে ওই বিশেষজ্ঞদের পাশাপাশি ইংলিশ ব্যাটসম্যানদেরও বিভ্রান্ত করলেন বোল্ট-সাউদি। দিনের শুরুতে ২ উইকেট নিয়ে শুরুটা হয়েছিল সাউদির হাতে, জো রুটকে ফিরিয়ে শেষও করেছেন তিনি। মাঝে তোপ দাগান বোল্ট। ইংল্যান্ড প্রথম ৫ উইকেট হারায় ৭২ রানে, শেষ ৫ উইকেট ৩১ রানে। মাঝে ষষ্ঠ উইকেটে ম্যাট প্রায়র ও জো রুটের ১০১ রানের জুটি। গত কয়েক বছরে বহুবার ইংল্যান্ডকে খাদ থেকে উদ্ধার করা প্রায়র খেলেছেন আরেকটি দুর্দান্ত ইনিংস। কিন্তু আউট হয়েছেন নিল ওয়াগনারের অনেক বাইরের বল তাড়া করে। এরপর দ্বিতীয় নতুন বলে লেজটা ছেঁটে দেন বোল্ট। টেস্টে প্রথমবার পেয়েছেন ৫ উইকেট। ওয়েবসাইট।