সুইংয়ের পসরা নিয়ে আকরাম
কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর পাকিস্তানের মেধাবী তরুণ বোলারদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছেন ওয়াসিম আকরাম। সুইংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের কীভাবে ধরাশায়ী করতে হয়, এই শিক্ষা পাকিস্তানের উদীয়মান পেসারদের মধ্যে ছড়িয়ে দিতে চান ‘সুইংয়ের সুলতান’খ্যাত সাবেক এই পাকিস্তানি পেসার। এই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন ওয়াসিম। ২০ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ১৫ জন পেসার নিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্প করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন ওয়াসিম আকরাম। এ বছর আইপিএলের ষষ্ঠ আসর শুরুর আগে এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই পেসার। এবার নিজের অভিজ্ঞতা-কৌশলগুলো নিজ দেশের বোলারদের মধ্যে ছড়িয়ে দিতে চান ওয়াসিম। তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে আমাদের পেসারদের পারফরম্যান্সে আমি খুবই হতাশ হয়েছি। এ কারণে আমি এখন পেসারদের সুইং করানোর ব্যাপারে প্রশিক্ষণ দিতে চাই। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য সুইং করাতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।’আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ভালো পারফরম্যান্স দেখানোর উদ্দেশ্যে ওয়াসিমকে এই দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টাইমস অব ইন্ডিয়া