সুইজারল্যান্ড গেলেন গলফার সিদ্দিকুর
ওমেগা ইউরোপিয়ান মাস্টার্সে অংশ নিতে কাল রাতে দেশ ছেড়েছেন গলফার সিদ্দিকুর রহমান। সুইজারল্যান্ডের ক্রান্স-সি-সিয়েরেতে আগামী ১-৪ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট। টানা দ্বিতীয়বার এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের সিদ্দিকুর। এশিয়া থেকে মোট ৩০ জন গলফার খেলবেন এখানে। ররি ম্যাকইলরয়, লি ওয়েস্টউড, মার্টিন কেমার, কলিন মন্টগোমারি ও মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজের মতো গলফাররা খেলবেন এখানে।গতবার এই টুর্নামেন্টে ভালো করতে না পারলেও এবার দৃঢ়প্রতিজ্ঞ সিদ্দিকুর। কাল রাতে সুইজারল্যান্ডে রওনা দেওয়ার আগে শুনিয়েছেন আশার বাণী, ‘এবার ইনশাআল্লাহ ভালো করব। অভিজ্ঞতা বেড়েছে। গত এক বছরে অনেক বড় বড় খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’গলফের মহাতারকাদের সান্নিধ্যে যাচ্ছেন। তবে সিদ্দিকুর মিস করবেন আরেক মহাতারকা লিওনেল মেসিকে। ৪ সেপ্টেম্বর শেষ হলেও দেশে আসতে দেরি হবে, তাই দেখা হবে না ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি। জানিয়েছেন, দেশে থাকলে অবশ্যই মাঠে গিয়ে খেলা দেখতেন। সিদ্দিকুরের প্রিয় ফুটবলারও যে মেসিই।