সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

সালভাদরে সুইজারল্যান্ডকে গোল প্লাবনে ভাসল ফ্রান্স! সুইসদের ২-৫ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখল ফরাসিরা। গত ১৩ বছরে ফ্রান্সের বিপক্ষে পাঁচ দেখায় মাত্র দুবারই গোল দিতে পেরেছিল সুইজারল্যান্ড। আজ অবশ্য নীল দুর্গে কিছুটা ফাঁটল ধরাল সুইসরা। তবে তা সান্ত্বনার প্রলেপ মাত্র।
ম্যাচে অবশ্য সুইসদের দখলেই বল ছিল বেশি। ৫৭ শতাংশ বল দখলে রেখে, খেলার ৮০ মিনিট পর্যন্ত বেশ কয়েকবার প্রতি-আক্রমণ করেও ব্লুজদের রক্ষণে খুব একটা ফাঁটল ধরাতে পারেনি সুইজারল্যান্ড। ২৭ মিনিটে ওটমার হিটজফেল্ডের দলের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। ২৯ মিনিটে সেফারোভিচ হাতছাড়া করেন দারুণ এক গোলের সুযোগ।
কেবল বল দখলে রাখলেই চলে না। সুযোগের সদ্ব্যবহার করতে হয় ভালোভাবে। এক্ষেত্রে দিদেয়ের দেশমের ছাত্ররা পাবেন ‘এ প্লাস’। আক্রমণের পর আক্রমণে রীতিমত দিশেহারা করে ফেলে সুইস রক্ষণভাগ। লক্ষ্যে ১২টি শট নিয়ে পাঁচটিতেই গোল আদায় করে নিয়েছে ফরাসিরা। সুইস গোলরক্ষক ডিয়েগো বেনোগিলোর কয়েকটি চোখ ধাঁধানো সেভ আর শেষ দিকে বেনজেমার গোলটি বাতিল না হলে ব্যবধান আরও বাড়ত।
১৭ মিনিটে ম্যাথু ভালবুয়েনার কর্নারে দারুণ হেডে ফ্রান্সকে এগিয়ে নেন আর্সেনাল স্ট্রাইকার অলিভিয়ের জিরু। ৬৬ সেকেন্ডের ব্যবধানে আবারও গোল! এ বিশ্বকাপে অল্পসময়ের ব্যবধানে দুই গোলের রেকর্ড এটিই। বেনজেমার বানিয়ে দেওয়া বলে দারুণ গোল করেন পিএসজি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। ৩২ মিনিটে বক্সে ইয়োহান জুরু ট্যাকল করেন বেনজেমাকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বেনজেমার পেনাল্টি শটটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বেনাগিলো। বেনাগিলোর কাছ থেকে বল ফিরে আসে ইয়োহান কাবাইয়ের পায়ে। পিএসজি মিডফিল্ডার কাবাই নিলেন জোরালো শট। বল লাগল ক্রস বারে!
৪০ মিনিটে অলিভিয়ের জিরুর বানিয়ে দেওয়া বলে দারুণ এক ফিনিশিংয়ে দলকে ০-৩ ব্যবধানে এগিয়ে নেন ম্যাথু ভালবুয়েনা। পেনাল্টি হাতছাড়া হলেও ৬৭ মিনিটে ভুল করেননি বেনজেমা। পগবার বাড়িয়ে দেওয়া বল সুইস রক্ষণের ভুলের সুযোগে জড়িয়ে দিলেন জালে! ৭৩ মিনিটে বেনজেমার সহায়তায় গোল করলেন মুসা সিসোকো। ফ্রাঙ্ক রিবেরির অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না বেনজেমা। বিশ্বকাপে দুই ম্যাচে করেছেন ৩ গোল। কেবল নিজে গোল করছেন না, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। সঙ্গত কারণেই অনেকে ১৯৯৮ বিশ্বকাপের জিনেদিন জিদানের ছায়া দেখতে পাচ্ছেন বেনজেমার মধ্যে।
অবশ্য শেষ দশ মিনিটে দেখা যায় সুইস ঝলক! ৮১ মিনিটে ফ্রি-কিকে ফরাসি দেয়াল ভেদ করে চমকপ্রদ এক গোল করলেন ব্লেরিম জেমাইলি। ৮৭ মিনিটে সুইসদের গোল ব্যবধান কমান গ্রানিট জাকা। খেলার একদম শেষ মুহূর্তে আবারও বেনজেমার গোল! তবে গোলটি বাতিল হয়ে যায়। কারণ, ফরাসি ফরোয়ার্ডের শট নেওয়ার দুই সেকেন্ড আগে শেষের বাঁশি বাজান রেফারি! আজকের ম্যাচসহ বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স গোল করেছে ১০৫টি। বিশ্বকাপে শতাধিক গোলের রেকর্ড রয়েছে কেবল ব্রাজিল, জার্মানি, ইতালি ও আর্জেন্টিনার।