সুইডেনকে হালকাভাবে নিচ্ছে না ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডি’ গ্রুপে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ফ্রান্স। অন্যদিকে সুইডেন দুইটি ম্যাচেই হারের মুখ দেখে জমা করতে পারেনি একটি পয়েন্টও। তবুও আজকের ম্যাচে সুইডেনকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না ফরাসি কোচ লরেন্ত ব্লাঁ। কারণ, সামান্য ভুলত্রুটিও বড় অঘটন বয়ে আনতে পারে বলে সবাইকে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের কোচ।ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণটাও তারা বেশ ভালো মতোই দিয়েছে। আজকের ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলতে পারবে ব্লুঁরা। তবে গ্রুপ পর্বের এই শেষ ম্যাচে যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কোচ লরেন্ত ব্লাঁ। তিনি বলেছেন, ‘এ রকম পরিস্থিতিতে সব সময়ই একটা ভয় থাকে যে খেলা থেকে মনোযোগ সরে যায় কি না। কাজেই আমাদেরকে খুব গুরুত্ব দিয়েই এই ম্যাচটার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে কী অর্জন করতে হবে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইউক্রেনের বিপক্ষে ম্যাচটাতে আমরা ভালো খেলেছি। আর সেটা নিয়ে আমরা খুবই খুশি।’সুইডেন কোনোভাবেই প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারবে না। আর তারা ১৯৬৯ সালের পর কখনোই ফ্রান্সকে হারের স্বাদ দিতে পারেনি। কাজেই আজকের ম্যাচে যে কোনো রকম অঘটন ঘটবে, এমন সম্ভাবনা খুবই কম। তবে খেলাটা ফুটবল বলেই হয়তো এত সতর্কতা ফ্রান্স কোচের। তিনি বলেছেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে মাঠে নামব, যারা কখনোই দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। তার পরও মাঠে তারা জিতেও যেতে পারে। কাজেই সুইডেনকে কোনো মতেই হেয় করে দেখা ঠিক হবে না।’— ইএসপিএন