সুইডেনে মুখোমুখি ব্রাজিল-ইরাক
বাংলাদেশ সময় রাত ১২-৩০ মিনিটে শুরু খেলা। সরাসরি দেখাবে মাছরাঙা ৯৮ বছর ধরে আন্তর্জাতিক ফুটবল খেলছে ব্রাজিল। ইরাকের ইতিহাস এত লম্বা নয়। কিন্তু তার পরও আন্তর্জাতিক ফুটবলে ৫৫ বছর হয়ে গেল তাদের। ভিন্ন দুই মহাদেশের দল। আন্তর্জাতিক ফুটবল তো আর হররোজ হয় না। কিন্তু তার পরও এত দিনে দুই দলের একবারও মুখোমুখি না হওয়া খানিকটা বিস্ময়ের বটে। সেই বিস্ময়ের সমাপ্তি হচ্ছে আরেকটি বিস্ময় দিয়ে। ব্র্রাজিল-ইরাক প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে, ভেন্যু কিন্তু সুইডেন!ইরাক ভাবতে পারে, এটা তাদেরই ‘হোম’ ভেন্যু। সুইডেনের অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় আছেন ইরাকিরাই। জর্ডানের বিপক্ষে ম্যাচটিতে ব্যাপক সংঘর্ষ হওয়ার পর আপাতত ইরাকে কোনো ম্যাচ আয়োজনের অনুমতি দিচ্ছে না ফিফা। পরে স্থানীয় ইরাকিরা দ্বারস্থ হয় ম্যাচওয়ার্ল্ড গ্রুপের কর্ণধার মার্ক বায়োলির। ম্যাচওয়ার্ল্ড এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করে থাকে। সুইস প্রমোটার বায়োলি সেই ম্যাচটাই আয়োজনের ব্যবস্থা করে দেন সুইডেনে। এএফপি, ওয়েবসাইট।সুইডেনকে ব্রাজিলিয়ানরাও আপন ভাবে বৈকি। তাদের রেকর্ড পাঁচটি বিশ্বকাপ শিরোপার প্রথমটি তো এই সুইডেনেই, ১৯৫৮ সালে! আরেকটি যোগসূত্র আছে এই ম্যাচে। ইরাকের কোচ কিন্তু ব্রাজিল কিংবদন্তি জিকো। ম্যাচটি তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ। ১৬ অক্টোবর এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ইরাক মুখোমুখি হবে শক্তিশালী অস্ট্রেলিয়ার। দোহায় অনুষ্ঠেয় ম্যাচটির আগে বড় কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলে শিষ্যদের ঝালিয়ে নিতে চেয়েছিলেন জিকো। ব্রাজিলের চেয়ে ভালো প্রতিপক্ষ আর কে হতে পারে?ব্রাজিলকে অবশ্য বাছাইপর্বের ‘ঝামেলা’য় যেতে হচ্ছে না। স্বাগতিক হওয়ার সুবিধায় বিশ্বকাপে যাবে বসে বসে। কিন্তু এর যেমন সুবিধা আছে, অসুবিধাও আছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় দলগুলোকে। গতবার যেমন খেলতে হয়েছিল ১৮টি করে ম্যাচ। ক্লাবকেন্দ্রিক খেলা ফুটবলে এতগুলো ম্যাচ খেলতে খেলতে জাতীয় দলে একটা বোঝাপড়া তৈরি হয় সতীর্থদের মধ্যে। দল আক্ষরিক অর্থেই ‘দল’ হয়ে ওঠে। ব্রাজিল যেহেতু বাছাইপর্ব খেলছে না, সেই অবকাশ কাজে লাগিয়ে মানো মেনেজেস খেলছেন একের পর এক প্রীতি ম্যাচ। ১৬ অক্টোবরেই যেমন এশিয়ারই আরেক দল জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচটি পোল্যান্ডের ভসলাভে। দুই ম্যাচের দলেই কাকাকে ডেকেছেন ব্রাজিল কোচ। মেনেজেস আমলে এই প্রথম ডাক পেলেন কাকা। হলুদ জার্সি গায়ে খেলবেন দুই বছর পর! রিয়াল মাদ্রিদের হয়ে নিজেকে ফিরে পেতে শুরু করা কাকা তাই রোমাঞ্চিত, ‘ফিরে আসতে পেরে অবিশ্বাস্য রকমের ভালো লাগছে। এখনো মনে করি জাতীয় দলকে দেওয়ার মতো অনেক কিছুই আছে আমার। ব্রাজিলের হয়ে অনেক কিছু জেতার বাকি আছে। আমি ধীরে ধীরে ফিরতে চাই। ধৈর্য ধরে থাকলে জাতীয় দলে ঠিকই জায়গা করে নেব।’কাকার মুখে এই ধৈর্যের কথা সম্ভবত একাদশে জায়গা নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তায়। শুরুতে তাঁকে না-ও খেলাতে পারেন কোচ। কাকা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তিনি আছেন ক্যারিয়ারের পুনর্জন্মের রোমাঞ্চে, ‘মনে হচ্ছে নতুন করে শুরু করছি। বিশেষ করে এত এত ইনজুরি, অস্ত্রোপচার, সংশয়সহ যেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, আমার কাছে এটা নতুন করে শুরু করাই। দুই বছর পর দলে খেলব। এটা নতুন শুরু তো অবশ্যই।’