সুইডেনের অবিস্মরণীয় ‘ফিরে আসা’
এমন খেলা শেষ কবে দেখেছে ফুটবল বিশ্ব? চার গোলে এগিয়ে থেকেও যে কোনো দল ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে, কাল রাতে বার্লিনসহ সারা বিশ্বের দর্শকেরা দেখলেন এমনই এক অনন্য নিদর্শন। বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চার গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সুইডেনের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে মাঠ ছেড়েছে জার্মানি। শেষ আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে দুর্দান্ত লড়াই চালিয়ে সুইডেন নিশ্চিত পরাজয়ের ম্যাচে এমনই এক ড্র বের করে নিয়ে এসেছে, যে ড্র জয়ের চেয়েও বিশেষ কিছু।প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য পুরোপুরি ঝুঁকে পড়েছিল জার্মানির দিকে। ৮ ও ১৫ মিনিটের মিরোস্লাভ ক্লোসার দুই গোলের সঙ্গে ৩৯ মিনিটে পার মার্টস্যাকারের গোল নিশ্চিন্ত করে দিয়েছিল জার্মান সমর্থকদের। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মেসুত ওজিল আরও একবার সুইডেনের জালে বল জড়ালে উত্সবে ভেসে যেতে থাকে গোটা বার্লিন। কিন্তু অলক্ষ্যে বিধাতা যেন অপেক্ষা করছিলেন জার্মানির প্রতি এক নিষ্ঠুর রসিকতার ছক সাজিয়ে। ৬২ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচ ও ৬৪ মিনিটে মিকায়েল লুসটিগের দুই গোলে সুইডেন ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৭৬ মিনিটে ইয়োহান এলমানের গোল সুইডিশদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে দেয় যে ম্যাচে ফিরলেও ফেরা যেতে পারে। চার গোল দিয়ে তিনটি হজম করার পর পুরো জার্মানি দলই যেন তখন বিহ্বল। ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ পরিস্থিতিতে যখন জার্মান ফুটবলাররা রেফারির লম্বা বাঁশির অপেক্ষায় কাতর, ঠিক তখনই রাসমাস এলমের ইনজুরি সময়ের গোল বার্লিন অলিম্পিক স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে সুইডেনের এক অনন্য লড়াইয়ের নজির স্থাপন করে। রয়টার্স।