সুইপার নয়্যার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু হাতের চেয়ে পায়েই বল বেশি ছুঁতে হয়েছে নয়্যারকে। জার্মান গোলকিপারের পিচম্যাপ জানাচ্ছে, কতবার তাকে বক্সের বাইরে ধরতে হয়েছে বল l এএফপি
পরশু হাতের চেয়ে পায়েই বল বেশি ছুঁতে হয়েছে নয়্যারকে। জার্মান গোলকিপারের পিচম্যাপ জানাচ্ছে, কতবার তাকে বক্সের বাইরে ধরতে হয়েছে বল l এএফপি

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, লোথার ম্যাথাউস, ম্যানুয়েল নয়্যার! ভাবছেন দুই জার্মান কিংবদন্তির সঙ্গে নয়্যার কীভাবে একই বন্ধনীতে? বেকেনবাওয়ার, ম্যাথাউসদের মতো নয়্যারও যে পরশু হয়ে গেলেন সুইপার!
এমনিতে তিনি বিশ্বের সেরা গোলকিপারদের একজন। কিন্তু কোনো গোলকিপার যদি সেভ করার চেয়ে ট্যাকলই বেশি করেন, তাঁকে গোলকিপার বলা যায় কীভাবে! আলজেরিয়ার বিপক্ষে বক্সের ভেতরের চেয়ে বাইরেই বুঝি সময় বেশি কাটাতে হয়েছে জার্মান গোলকিপারকে। বিশেষ করে প্রথমার্ধে। জার্মান রক্ষণ পরশু ছিল ভীষণ নড়বড়ে। মাঝমাঠ আর রক্ষণের মাঝে বড় ফাঁক। নয়্যারকেও তাই অনেকবার ছুটে বেরিয়ে আসতে হয়েছে গোললাইন ছেড়ে। কখনো বল ক্লিয়ার করেছেন, কখনো হেড, কখনো বা ট্যাকল। লম্বা পাসে আবার বল জোগান দিয়েছেন আক্রমণে। মূল ৯০ মিনিটে গোলকিপার নয়্যারকে সেভ করতে হয়েছে দুটি, আর বক্সের বাইরে এসে বল ধরে পাস বা ক্লিয়ার করেছেন ২১ বার! একবার বক্সের মাথা থেকে নিখুঁত এক লম্বা পাসে প্রতিপক্ষের বক্সের সামনে বল বানিয়ে দিয়েছেন আন্দ্রে শুরলেকে। গোলকিপার হয়েও গোটা ম্যাচে দৌড়েছেন সাড়ে ৫ কিলোমিটারের বেশি। বিশ্ব ফুটবলে দারুণ সব সুইপার উপহার দিয়েছে জার্মানি, এবার উপহার দিল ‘সুইপার-কিপার!’