সুইসদের কালো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ গোল হজম করার পর সোজা হয়ে দাঁড়ানো কঠিন বটে! পরশুর ম্যাচ শেষে সুইস গোলকিপার বেনাগ্লিয়ো  l রয়টার্স
৫ গোল হজম করার পর সোজা হয়ে দাঁড়ানো কঠিন বটে! পরশুর ম্যাচ শেষে সুইস গোলকিপার বেনাগ্লিয়ো l রয়টার্স

ম্যাচ শেষে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম যখন তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন, ওটমার হিজফেল্ডের দিকে যেন তাকানো যাচ্ছিল না। সুইজারল্যান্ডের কোচের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়েছে। চেহারা বিধ্বস্ত। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নির্বাক। ফ্রান্সের কাছে ৫-২ গোলে উড়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি চাইছেন দুঃস্বপ্নের এই দিনটিকে ভুলে যেতে।
সুইজারল্যান্ডের ফুটবল ইতিহাসে দিনটিকে ‘কালো দিন’ বলেই উল্লেখ করছেন হিজফেল্ড, ‘সুইজারল্যান্ড দলের জন্য এটা একটা কালো দিন।’ ম্যাচের ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বসে সুইজারল্যান্ড। ওখানেই ম্যাচ শেষ হয়ে গেছে বলে মনে করছেন আলোচিত এই কোচ, ‘আসলে ম্যাচের শুরুর ২০ মিনিটে দুই গোলই আমাদের শেষ করে দিয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলিনি। ২-০ হয়ে যাওয়ার পর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন ছিল।’
প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে জয়ে সুইজারল্যান্ডের নামের পাশে যোগ হয়েছে ৩ পয়েন্ট। পরশুর এত বড় হারেও তাই সব শেষ দেখছেন না হিজফেল্ড। আশাবাদী কোচ হন্ডুরাসের সঙ্গে জিতেই যেতে চান শেষ ষোলোতে, ‘দল যেভাবে খেলা শেষ করেছে তাতে এখনো তারা প্রশংসা পেতে পারে। জাকা ও জেমাইলি দেখিয়েছে যে আমরা এখনো খেলায় আছি। জোর দিয়ে বলতে চাই যে এখান থেকেও নকআউট পর্বে পৌঁছানো সম্ভব। আমাদের ভাগ্য আমাদের হাতেই। এখন আমাদের কষ্ট ভুলে যেতে হবে, ম্যাচের ভুলগুলো শুধরে ফিরে আসতে হবে খেলায়। আমরা একসঙ্গে হেরেছি, আমরা জিতবও একসঙ্গে।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট বলছেন জার্মান কোচ, ‘তারা এই টুর্নামেন্টে অন্যতম ফেবারিট একটা দল, বিশ্বকাপে দলটি অনেক দূর যাবে।’