সুইসদের স্পেন-বধ
১৫ ম্যাচ পেরিয়ে এসে অঘটন দেখল ২০১০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট বলা হচ্ছিল যে স্পেনকে, তাদেরই ১-০ গোলে হারিয়ে দিল সুইজারল্যান্ড। দুই দলের মুখোমুখি ১৯টি লড়াইয়ে এটাই প্রথম জয় সুইসদের। জয়ের মাহাত্ম্য আরও বাড়ছে এই তথ্যে—অবশেষে ৮৫ বছরের চেষ্টায় স্প্যানিয়ার্ডদের বিপক্ষে জয়ের দেখা পেল তারা।আবারও প্রমাণিত হয়ে গেল, ফুটবল শেষ পর্যন্ত গোলেরই খেলা। ম্যাচে স্পেনের একচ্ছত্র আধিপত্যই ছিল। ২৫টি শট নিয়েছে তারা, তৈরি করেছে প্রায় নিশ্চিত ৫টি গোলের সুযোগ। বল দখলও ছিল ৭৫ শতাংশ। অন্যদিকে পুরো ম্যাচে সুইজারল্যান্ড নিশ্চিত সুযোগ তৈরি করতে পেরেছিল মাত্র দুটি। তারই একটি কাজে লাগিয়ে ফেলেছেন মিডফিল্ডার গেলসন ফার্নান্দেজ। ৫০ মিনিটে তাঁর গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্যনির্ধারক। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক গোলটাই হয়তো সুইস ফুটবলের ইতিহাসে জায়গা করে দিল ফার্নান্দেজকে। স্প্যানিশ ফরোয়ার্ডরা যখন একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন, ঠিক তখনই ফার্নান্দেজ যেন দেখিয়ে দিলেন, সুযোগের সদ্ব্যবহার কাকে বলে।প্রথম দায় তো অবশ্যই ইকার ক্যাসিয়াসের। স্পেন অধিনায়কের কাঁধেই গোলপ্রহরীর দায়িত্ব। দুরন্ত গতিতে ছুটে আসা সুইস ফরোয়ার্ড এরেন দার্দিয়কের অগ্রযাত্রা প্রতিহত করেছেন ঠিকই, কিন্তু বল ক্লিয়ার করতে পারেননি ঠিকমতো। পেছন থেকে ছুটে আসা ফার্নান্দেজের কাছে চলে যায় বল। আগের আক্রমণ ঠেকাতে ক্যাসিয়াস আর জেরার্ড পিকে দুজনই ভারসাম্য হারিয়ে ফেললে অরক্ষিত হয়ে পড়ে স্পেনের গোলমুখ। সেই সুযোগে নির্ভুল নিশানায় বল জালে জড়িয়ে দেন ফার্নান্দেজ।আরও মরিয়া হয়ে ওঠে স্পেন। আক্রমণের ধার বাড়াতে ৬১ মিনিটে নামানো হয় ফার্নান্দো তোরেসকে। কিন্তু ফুটবলের ভাগ্যবিধাতা বুঝি ঠিক করে রেখেছিলেন, এ সময়ের সবচেয়ে তারকাদ্যুতি ছড়ানো জাভি-ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসদের দলকে দিয়েই অঘটনের খাতায় নাম লেখাবেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের। না হলে কেন বারে ধাক্কা লেগে ফিরে আসবে বল? কেনই বা সুইজারল্যান্ডের বক্সে গোটা ত্রিশেকবার হামলে পড়ে একটিও গোলের দেখা পাবে না এ সময়ে সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে যারা!ভাগ্য নির্ধারিত ছিল বলেই হয়তো ৭৪ মিনিটে আবারও স্পেনের গোলমুখে আক্রমণে খুঁজে পাওয়া যায় দার্দিয়ককে। এবারও ক্যাসিয়াসকে ফাঁকি দেন, কিন্তু ফাঁকি দিতে পারেননি ডান পাশের পোস্টকে। সেখানে ধাক্কা লেগে ফিরে আসে বল। না হলে ২-০ গোলের জয়ই পেত সুইসরা।সেটি হয়নি, তবে এ নিয়ে সুইসদের মনে কোনো আক্ষেপ থাকার কথাও নয়। যেমন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার না পেয়েও আক্ষেপ হচ্ছে না ডিয়েগো বেনাগ্লিয়োর। কে ইনি? সুইস গোলরক্ষকের কথা এরই মধ্যে ভুলে বসে আছেন! পাঁচ-পাঁচটি দুর্দান্ত সেভ করেছেন যিনি, ডিফেন্স ব্যর্থ হওয়ার পর অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে ছিলেন গোলপোস্টে। ফুটবল কি মনে রাখবে তাঁর কথা? না! যেমন মনে রাখবে না এই ম্যাচে ভিয়া-সিলভা-তোরেসদের গোল-প্রচেষ্টার কথাও। ফুটবল যে শেষ পর্যন্ত গোলেরই খেলা!