সুইস-দুর্গে ইকুয়েডরের হানা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জেতা দূরে থাক, সুইজারল্যান্ড কখনো জয়ের কাছাকাছিও যেতে পারেনি। অথচ ফিফা র৵াঙ্কিংয়ে ইতালি, হল্যান্ড, ইংল্যান্ডের মতো দল সুইসদের নিচে। কাগজে-কলমে ছয়ে থাকা সুইজারল্যান্ডের সামনে ২৬ নম্বর ইকুয়েডরের কল্কে পাওয়ার কথা নয়। কিন্তু প্রেক্ষাপট ও অতীত রেকর্ড আভাস দিচ্ছে, ম্যাচটা জমজমাটই হবে।
দক্ষিণ আমেরিকান দলগুলোর সঙ্গে রেকর্ডটা একদমই ভালো নয় সুইজারল্যান্ডের। গত চারবারের সাক্ষাতেই তারা হেরেছে, শেষ তিনটিতে গোল না করেই। তার ওপর ম্যাচটা হচ্ছে অচেনা পরিবেশে। দক্ষিণ আমেরিকায় কখনো জয় পায়নি সুইসরা। ইকুয়েডর আবার নিজেদের মহাদেশে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নের সিঁড়ি হিসেবে দেখছে ম্যাচটিকে।
শেষ আটের হাতছানি সুইজারল্যান্ডের সামনেও। সেই ১৯৫৪ সালে সর্বশেষ তাদের দ্বিতীয় রাউন্ডের চৌকাঠ পেরোনো। অপরাজিত থেকে ব্রাজিলের টিকিট পাওয়াটাও তাদের আশার পালে হাওয়া লাগিয়েছে। দুর্দান্ত তাদের রক্ষণ, বিশ্বকাপে গত সাত ম্যাচে তারা গোল খেয়েছে মাত্র একটা। সুইস ফুলব্যাক স্টিফেন লিখটস্টেইনার তাই দারুণ সতর্ক, ‘বিশ্বাস করুন, ইকুয়েডর খুবই ভালো একটা দল। টেকনিক্যালিও বেশ ভালো। আমি লরেন্তের (জুভেন্টাস-সতীর্থ ফার্নান্দো লরেন্তে) সঙ্গে গত বছর কথা বলেছি। সে আমাকে বলেছে তারা বেশ ভালো।’ লিখটস্টেইনারের অবশ্য পরের মুখেই ঝাল খেতে হবে, এখন পর্যন্ত যে দুই দল কখনো মুখোমুখি হয়নি। এএফপি, ওয়েবসাইট।

জেরদান শাকিরি ও জেফারসন মন্তেরো
জেরদান শাকিরি ও জেফারসন মন্তেরো

চোখ রাখুন
মুখোমুখি সুইজারল্যান্ড–ইকুয়েডর
জেরদান শাকিরি
২২ বছর বয়সেই সুইজারল্যান্ডের আক্রমণের মূল ভরসা। দেশের হয়ে ৩২ ম্যাচে একটি হ্যাটট্রিকসহ করেছেন ৯ গোল। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের ওপর অনেক ভরসা সুইসদের।
জেফারসন মন্তেরো
কেন তাঁকে ইকুয়েডরের অন্যতম অস্ত্র মানা হয় সেটা দেখিয়েছেন কদিন আগেই। হল্যান্ডের সঙ্গে ম্যাচে দারুণ এক গোলে চিনিয়েছেন নিজের জাতটা। দুর্দান্ত গতি, বলের ওপর নিয়ন্ত্রণ, অসাধারণ ড্রিবলিং মন্তেরোর মূল অস্ত্র।