সুকুরও বিপাকে তুরস্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালাবদলের রাজনীতির কোপ পড়ল হাকান সুকুরের ওপরও। কয়েক দিন আগে তুরস্কে ঘটে যাওয়া ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে গণগ্রেপ্তার চলছে দেশটিতে। সুকুরের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। জেলের জালে এখনো পড়েননি। তবে দেশটির সরকার তাঁকে জালবন্দী করার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। তুরস্কের এই সাবেক স্ট্রাইকার বিশ্বকাপের দ্রুততম গোলের মালিক। খেলোয়াড়ি জীবনে ‘বসফরাসের ষাঁড়’ খ্যাত ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা (১১২ ম্যাচে ৫১ গোল) ফুটবল থেকে অবসর নেন ২০০৯ সালে।

গত ১৫ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে পরিচালিত ব্যর্থ অভ্যুত্থানের নেপথ্যের কারিগর বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের বিরুদ্ধে। এরদোয়ানের সরকারের অভিযোগ, গুলেন একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ পরিচালনা করেন।

সাকারিয়া প্রদেশের আইনজীবীদের অভিযোগ, সাবেক ফুটবল তারকা সুকুর এই ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সদস্য। সুকুরের পাশাপাশি তাঁর বাবা সেলমেতকেও খুঁজছে পুলিশ। তুরস্কে তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি।