সুখবর নিয়ে এল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কাকে হারিয়ে সুখবর নিয়ে এলেন বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি
শ্রীলঙ্কাকে হারিয়ে সুখবর নিয়ে এলেন বাংলাদেশের মেয়েরা। ছবি: আইসিসি

মিরপুরে ছেলেরা হতাশা উপহার দিলেও মেয়েরা অন্তত হতাশ করেননি। সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ রানে হারিয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুনদের নৈপুণ্যে বাংলাদেশ ক্রিকেটে একের পর এক পরাজয়ের মধ্যে একটি সুখবর অন্তত মিলল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ জয়। এর আগের তিনটি জয় এসেছে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। আজকের ম্যাচের আগে সর্বশেষ জয় এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। চীনের গোয়ানজুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে লঙ্কান মেয়েদের ৫ রানে হারিয়েছিলেন সালমারা।       
আজ বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। নিয়মিত উইকেট পতনের মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান রুমানা আহমেদ। রানআউটে কাটা পড়ার আগে এ ডানহাতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১। এ ছাড়া সালমা খাতুনের ২২ ও শারমিন আখতারের ১৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১১৫।      
১১৬ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কার মাত্র ২ রানে উইকেট তুলে নেন জাহানারা আলম। কিন্তু এরপর শ্রীলঙ্কাকে কক্ষপথে ফেরান ইয়াসোডা মেন্ডিস (৩৩) , চামারি আতাপাত্তু (১৭) ও অধিনায়ক শশীকলা শ্রীওয়ার্ধানে (৩১)। একপর্যায়ে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৪ ওভারে ৩ উইকেট ৭৯। ঠিক এরপরই চমক।

বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিংয়ে পরের ৩৬ বলে মাত্র ৩৩ তুলতে পারে শ্রীলঙ্কা। এ সময় লঙ্কান মেয়েরা হারান ৬ উইকেট। পান্না ঘোষের করা শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। শ্রীলঙ্কা তুলতে পারল ৯ রান। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়াল ৯ উইকেটে ১১২। বাংলাদেশ জিতল ৩ রানে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল পান্না। ডানহাতি এ বোলার ৪ ওভারে ১৮ রানে পেয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরাও তিনি।