সুখস্মৃতি নিয়ে নামছেন চয়নরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ‘সেলফি’ তোলার ধুম। কাল অলিম্পিক ভবনে বিশ্ব হকি লিগের সংবাদ সম্মেলনের পর সেলফি তুললেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা
চলছে ‘সেলফি’ তোলার ধুম। কাল অলিম্পিক ভবনে বিশ্ব হকি লিগের সংবাদ সম্মেলনের পর সেলফি তুললেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা

ঢাকায় আজ শুরু বিশ্ব হকি লিগের প্রথম পর্বে স্বাগতিক বাংলাদেশকেই চ্যাম্পিয়ন ধরছে সবাই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকংয়ের চেয়ে এগিয়ে বাংলাদেশ। শুধু এ কারণেই নয়, দুই বছর আগে বিশ্ব হকি লিগের প্রথম পর্বে বাংলাদেশ দল গ্রুপে চ্যাম্পিয়নও হয়েছিল। সাম্প্রতিক সময়ে নিচু সারির এই প্রতিযোগিতাগুলোতে নিজেদের সেরা হিসেবে তুলে ধরছেন মামুনুর রহমান চয়নরা।
ঘরের মাঠে সেরা হওয়ার একটা চাপও আছে। আবার শ্রীলঙ্কা বা হংকং অঘটন ঘটাতে পারবে না, এটা কি জোর দিয়ে বলা যায়? বিশেষ করে আজ বেলা সাড়ে ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন প্রস্তুত হয়েই এসেছে। এ দলটির কাছে হারের অভিজ্ঞতা আছে। আগের ১২ সাক্ষাতে বাংলাদেশ নয়টি ম্যাচ জিতেছে, দুটি ড্র ও একটি হার। হংকয়ের সঙ্গে হার আছে দুটি।
সাম্প্রতিক সময়ে ঢাকায় এশিয়ান গেমসের বাছাইপর্বে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের ঘাম ঝরিয়ে ২-২ রেখেছিল ম্যাচ। পরে টাইব্রেকারে জেতে বাংলাদেশ। সেদিকে ফিরে অধিনায়ক চয়ন বলেন, ‘ওই দিন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম। অবশ্যই নির্ধারিত সময়ে জেতা উচিত ছিল।’ আজকের ম্যাচে আর ভুল করা নয়, বড় ব্যবধানেই জয়ের লক্ষ্য তাঁর।
প্রতিযোগিতা উপলক্ষে কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করল হকি দল। উপস্থিত ছিলেন এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সোনালী ব্যাংক, অঞ্জনসের প্রতিনিধি। এসেছেন সব খেলোয়াড়ই, তাঁদের শরীরী ভাষায় ‘চ্যাম্পিয়ন হব’ আত্মবিশ্বাস।
কোচ নাভিদ আলম বললেন, ‘তিন মাসের প্রস্তুতি নিয়েছি আমরা। মাঝমাঠে একটু সমস্যা থাকলেও আশা করি তা কাটিয়ে উঠে আমরা এখানে নিজেদের সেরা হিসেবে তুলে ধরতে পারব।’ বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে এশিয়ান গেমস। বিশ্ব হকি লিগ সেটিরই প্রস্তুতি মনে করা হচ্ছে।
এই লিগের প্রথম পর্ব হচ্ছে নয়টি ভেন্যুতে। তাতে গ্রুপসেরা দলগুলোই সিঙ্গাপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় রাউন্ডে খেলবে। ওই পর্বেই বাংলাদেশকে নিয়ে যেতে চান মামুনুলরা। গতবার দ্বিতীয় পর্বে চীনকে হারিয়ে সাড়া জাগানো বাংলাদেশ এবারও তেমন কিছু করবে—এমনই প্রত্যাশা হকি অঙ্গনে।