সুদিনে ফেরার অপেক্ষায় কাকা
কেন জানি সময়টা ভালো যাচ্ছে না কাকার। কিছু দিন আগেও কাকার মাঠে নামার অর্থ ছিল প্রতিপক্ষের রক্ষণভাগ ক্ষতবিক্ষত হওয়া। অথচ এখন মাঠে খুঁজেই পাওয়া যায় না ব্রাজিলের এই স্ট্রাইকারকে। লিওনেল মেসি, ফার্নান্দো টরেস ও ডেভিড ভিয়ার সাফল্যে অনেকটাই ম্লান কাকা। তবে ফিফার সাবেক বর্ষসেরা এই স্ট্রাইকারের বিশ্বাস, সঠিক সময়ে ঠিকই ঝলসে উঠবেন তিনি।রিয়াল মাদ্রিদের যোগ দিয়ে এ মৌসুম পুরোটাই চোটে ভুগতে হয়েছে কাকাকে। অন্য খেলোয়াড়েরা পঞ্চাশোর্ধ্ব ম্যাচ খেললেও কাকা খেলতে পেরেছেন মাত্র ৩৩টি ম্যাচ। সাফল্যও তেমন একটা পাননি।এবারের বিশ্বকাপে কোচ কার্লোস দুঙ্গা ব্রাজিল দলে রাখেননি দুই তারকা রোনালদিনহো ও আদ্রিয়ানোকে। বিশ্বকাপে এখন কাকা ও রবিনহোই ভরসা। কিন্তু সমস্যা হলো কাকার পারফরম্যান্স। গত সোমবার প্রীতি ম্যাচে তাঞ্জানিয়াকে ৫-০ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল। সেখানে কাকার অবদান মাত্র একটি গোল। অবাক করার মতো তথ্য হলো, এক বছর পর ব্রাজিলের হয়ে সেটিই কাকার প্রথম গোল।তাঞ্জানিয়ার বিপক্ষে ম্যাচটিকে ফর্মে ফেরার প্রেরণা হিসেবে নিচ্ছেন কাকা। বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমার আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত। এখন শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছি।’ দলের সবচেয়ে বড় তারকার প্রতি আস্থার কমতি নেই কোচ কার্লোস দুঙ্গারও। তিনি বলছেন, ‘একটু একটু করে কাকার উন্নতি হচ্ছে। অনুশীলনে তাকে আগের মতোই প্রাণবন্ত মনে হয়। অনেক সময় সকাল, দুপুর এমনকি রাতেও অনুশীলন করতে চায় কাকা!’সত্যি সত্যি কাকা ফর্মে ফিরলে সবার জন্যই সুখবর। ব্রাজিলের ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতা যেমন সহজ হয়ে যাবে, তেমনি ফুটবলের সর্বোচ্চ আসরে ছন্দময় খেলাও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।