সুনীল ছেত্রীর সামনে রেকর্ডের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল ছেত্রী
সুনীল ছেত্রী

সামনে বড় একটা মাইলফলক ছোঁয়ার সুযোগ। তবু আশ্চর্য নির্লিপ্ত সুনীল ছেত্রী। ভারতের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দুয়ারে দাঁড়িয়েও ভারতীয় অধিনায়ক বলছেন, ‘আমার সব মনোযোগ ম্যাচের দিকে।’
ভারতের হয়ে বাইচুং ভুটিয়ার সর্বোচ্চ ৪২ গোলের রেকর্ডটি এখন টপকে যাওয়ার অপেক্ষায় সুনীল ছেত্রী। আই এম বিজয়নের পাশে আছেন সমান ৪০ গোল করে। এই সাফ টুর্নামেন্টেই আর ৩টি গোল করলে ভারতের সর্বোচ্চ গোলের রেকর্ড হয়ে যাবে শুধুই বেঙ্গালুরু এএফসির এই স্ট্রাইকারের।
দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন সবচেয়ে বড় তারকার তকমা সুনীল ছেত্রীর গায়ে। সম্প্রতি পর্তুগালের লিসবন স্পোর্টিংয়ে ‘বি’ টিমে খেলে এসেছেন। আজ ভারত-পাকিস্তান ম্যাচে সবার চোখ আসলে তাঁর দিকেই। একসময় ফুলহামে খেলা পাকিস্তান দলের বড় ভরসা ডিফেন্ডার জেশ রহমানও নজর কাড়ছেন।
আজ দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার ম্যাচে সুনীল-জেশ রহমানের লড়াইটা জমবে ভালো, এমনটাই মনে করছেন এখানকার সবাই। তবে কলকাতার এক সাংবাদিক রসিকতা করলেন, ‘জেশ রহমানের পায়ের তলা দিয়ে ঠিকই সুনীল বেরিয়ে যাবে।’
এ ধরনের টুর্নামেন্টে খেলোয়াড়দের ওপর অলিখিত নিষেধাজ্ঞা থাকে। অনুমতি ছাড়া কেউ মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন না। তবু গত কয়েক দিনে সুনীল ছেত্রীর সঙ্গে টুকটাক যা কথা হয়েছে, সে সবের সারমর্ম এমন, ‘ভারতের সর্বোচ্চ গোলদাতা হওয়ার ব্যাপারটা আমার কাছে এই মুহূর্তে গৌণ। আমরা সাফ শিরোপা ধরে রাখতে এসেছি, সেই মিশন সফল করে ফিরতে চাই।’
ইএসপিএন-স্টার স্পোর্টসে ইউরোপীয় ফুটবল রাতে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে সুনীল ছেত্রীকে। বিশেষজ্ঞ হিসেবে দিচ্ছেন মতামত। সেই সূত্রে এই অঞ্চলের ফুটবলের বাইচুং ভুটিয়ায় পর হালে সুনীল ছেত্রীই এখন সবচেয়ে বেশি পরিচিত। পর্তুগালে খেলার পর তাঁর চাহিদাও বেড়ে গেছে অনেক। তার পরও পা মাটিতেই রাখছেন। নিজেকে আরও শাণিত করার প্রতিজ্ঞা ফুটে বেরোয় চোখমুখে। পর্তুগালে খেলার অভিজ্ঞাতা বলতে গিয়ে আসল সত্যটা বলতেও দ্বিধা করেননি, ‘ওই পর্যায়ে খেলতে হলে আমাদের স্কিল আরও বাড়ানো দরকার।’