প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন সুনীল নারাইন। এরই মধ্যে ক্রিকেট বিশ্ব জেনে গেছে নারাইনের কী প্রতিভা। দুর্বোধ্য অফ স্পিনে আইপিএল জয় করেছেন, জাতীয় দলের মেরুন জার্সি গায়েও সপ্রতিভ। কাল পাল্লেকেলেতে কিউই ব্যাটসম্যানদের বাঁধলেন স্পিনের মায়াজালে। ৪ ওভারে ২০ রান দিয়ে নিলেন জেমস ফ্রাঙ্কলিন, জ্যাকব ওরাম ও নাথান ম্যাককালামের উইকেট তিনটি। চার ওভারে মাত্র একটি চার খেয়েছেন। তাঁর দুই ওভারের শেষ স্পেলটাই নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়েছে। ৪ ওভারে ২৭ রান দরকার, ১৭তম ওভারে নারাইন দেন ২ রান। ১২ বলে ১৭, এবার নারাইন দিলেন মাত্র ৩ রান। দুই ওভারেই আবার একটি করে উইকেট। সহজ ম্যাচটাকে কঠিন করে এরপর শুধু সুপার ওভারেই নিয়ে যেতে পারল নিউজিল্যান্ড। নারাইনই হলেন ম্যাচসেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠবারের মতো।