সুনের প্রশংসায় পার্ক
বয়সের ব্যবধান মাত্র দুই বছরের। তবু ২০ বছর বয়সী সুন ইয়াংয়ের কাছে ‘আদর্শ’ ২২ বছর বয়সী পার্ক তে-হুয়ান! সুন উপলক্ষ পেলেই স্বপ্নের নায়ক পার্ককে ভাসিয়েছেন প্রশংসায়। এত দিন ভক্তের মুখে প্রশংসা শুধু শুনেই গেছেন পার্ক। কিন্তু এখন দক্ষিণ কোরিয়ান সাঁতারু পার্ক নিজেই ভক্তের প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, সুন নিজেই এখন চীনাদের ‘নায়ক’। সাঁতারে চীনা বিপ্লব ঘটাতে সুনই চীনাদের নেতৃত্ব দেবে।একটুও বাড়িয়ে বলেননি পার্ক। চার বছর আগে বেইজিং অলিম্পিকে ৪০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন পার্ক। ঘরের মাটির অলিম্পিকে সুন নিজেও পুলে নেমেছিলেন। তবে প্রতিদ্বন্দ্বী ছাপিয়ে সুন ছিলেন পার্কের বিস্ময়কর কীর্তির মুগ্ধ দর্শক! মনে মনে নিশ্চয়ই তাঁকে ছাপিয়ে যাওয়ার স্বপ্নও দেখেছিলেন? সুন আসলেই পার্ককে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন কি না, কে জানে! তবে এরই মধ্যে ছাপিয়ে গেছেন। লন্ডনে ৪০০ মিটার ফ্রিস্টাইলে ‘স্বপ্নের নায়ক পার্ক’কে হারিয়েই সুন চীনের প্রথম পুরুষ সাঁতারু হিসেবে জিতেছেন সোনা।গত পরশু ২০০ মিটার ফ্রিস্টাইল তাঁদের লড়াইটা হয়েছে আরও বেশি আকর্ষণীয়। একই সময়ে ফিনিশিং লাইন ছুঁয়ে রুপা জিতেছেন দুজনেই! দুজনই সময় নিয়েছেন ১ মিনিট ৪.৯৩ সেকেন্ড। ফ্রান্সের ইয়ানিক অ্যাগনেল সোনা, আর যুক্তরাষ্ট্রের রায়ান লোকিট পেয়েছেন ব্রোঞ্জ! প্রতিদ্বন্দ্বীর পিঠ চাপড়ে তো দিচ্ছেনই, ১৫০০ মিটারেও সুনই সোনা জিতবে বলে মনে করছেন পার্ক। ১৫০০ মিটারের বর্তমান বিশ্ব রেকর্ডটা যে ২০ বছর বয়সী সুনেরই দখলে। ‘সুন মনে করে আমি তার নায়ক, ভালো। আমি মনে করি, সে চীনাদের নায়ক। আমার ধারণা, আগামী কয়েক বছর সে চীনাদের নেতৃত্ব দেবে। আগামী অলিম্পিকেও। আমি সুনের সঙ্গে খুব বেশি কথা বলার সুযোগ পাইনি। তবে সে সব সময়ই আমার সঙ্গে কথা বলতে আসে এবং আমি তা বলিও। আমি আশা করি, সে ১৫০০ মিটারে দারুণ করবে’—বলেছেন পার্ক। এএফপি।