সুন্দর কঠিন সময়ে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে মাঠে যেন দেখা গেল সম্প্রীতির এক অদ্ভুত বাতাবরণ। পর্তুগালের পেপে গিয়ে জড়িয়ে ধরছেন স্পেনের সার্জিও রামোস, ইকার ক্যাসিয়াসকে। কান্নায় ভেঙে পড়া পর্তুগাল গোলকিপার এদুয়ার্দোকে আবার সান্ত্বনা দিচ্ছেন ক্যাসিয়াস। কে বলবে, একটু আগেই এই দুদলই একে অন্যকে হারানোর জন্য প্রাণপণ লড়েছে!দক্ষিণ-পশ্চিম ইউরোপের দুই প্রতিবেশী দেশ বলেই নয়, সম্প্রীতির কারণ ক্লাব ফুটবল। স্প্যানিশ লিগে খেলা ফুটবলার কম নেই পর্তুগাল দলে। কারভালহো, ড্যানিদের সঙ্গে যতটা সময় কাটান পেপে, তার চেয়ে তিন-চারগুণ সময় বেশি কাটান রামোসদের সঙ্গে। একই কথা রোনালদো, সিমাওদের ক্ষেত্রেও। দুদলই একে অন্যের খুঁটিনাটি জানে। লড়াইটা তাই আগ্রহ জাগানিয়া ছিল। বরাবরের মতোই বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল স্পেন, সুযোগ সৃষ্টি করেছে বেশি। আবার কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার ভয়ংকর হয়ে উঠেছে পর্তুগাল। শেষ পর্যন্ত আইবেরিয়ান প্রতিবেশীদের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন ডেভিড ভিয়া। আরও একবার ‘দ্য কিড’-এর ভেলায় ভেসেছে স্পেন।স্পেন শুরু থেকেই আক্রমণ করে খেলেছে। ম্যাচের বয়স এক মিনিট হওয়ার আগেই বক্সের বাঁ দিক থেকে দুজনকে কাটিয়ে নেওয়া ফার্নান্দো তোরেসের শট ফিরিয়ে দেন পর্তুগাল গোলকিপার এদুয়ার্দো। ৬ মিনিটের ভেতর আরও দুবার এদুয়ার্দোর পরীক্ষা নেন ভিয়া-তোরেস। একবার জাভির কর্নারে তোরেসের বুদ্ধিদীপ্ত ফ্লিক চলে যায় বারের ওপর দিয়ে। প্রথমার্ধে গোলের সবচেয়ে পরিষ্কার সুযোগ দুটো অবশ্য পেয়েছিল পর্তুগাল। একবার বাঁচান ক্যাসিয়াস, আরেকবার হেড বাইরে মারেন থিয়াগো।৫৮ মিনিটে তোরেসের বদলে আরেক তোরেস নামার পর হঠাৎ করেই যেন স্পেনের আক্রমণের ধার বেড়ে যায়। এই আরেক তোরেসকে সবাই চেনেন ফার্নান্দো লরেন্তে নামে, তবে যাঁর নামের শেষ অংশও তোরেস। বিখ্যাত সতীর্থের সঙ্গে মিলে যায় বলে তোরেসটুকু আর যোগ করেন না। বলে প্রথম স্পর্শেই গোল পেতে পারতেন ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার, তাঁর হেড ফিরিয়ে দেন এদুয়ার্দো। এক মিনিট পর ভিয়ার দারুণ এক শট বাইরে চলে যায় বার ঘেঁষে। পরের মিনিটেই ভিয়ার গোল। পর্তুগালের বক্সে জটলার ভেতর থেকে ইনিয়েস্তা পাস দেন জাভিকে, দারুণ এক ব্যাকহিলে জাভি দেন ভিয়াকে। ভিয়ার প্রথম শট ফিরিয়ে ছিলেন এদুয়ার্দো, ফিরতি বলটা এদুয়ার্দোর ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন ভিয়া। পুরো ম্যাচে ১০টি সেভ করেছেন এদুয়ার্দো, না হলে হয়তো ব্যবধান বড় হতে পারত আরও।দ্বিতীয় রাউন্ডে ওঠার পরই ভিসেন্তে দেল বস্কের আত্মবিশ্বাসী কণ্ঠ শোনা গিয়েছিল। পর্তুগালকে হারানোর পর সেটা বেড়ে গেছে আরও, ‘প্রমাণ করলাম, আমরা কঠিন ম্যাচও জিততে পারি। আমাদের আত্মবিশ্বাস আরও বাড়ছে, এখন আমরা চাই ইতিহাস গড়তে।’ ইতিহাস গড়ার পথে পরবর্তী বাধা প্যারাগুয়ে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির তুলনায় সহজ প্রতিপক্ষই পেয়েছে স্পেন। তবে সহজ প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না দেল বস্ক, ‘প্যারাগুয়েকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না, প্রাপ্য সম্মান ওদের দিতে হবে। ওদের ডিফেন্স দুর্দান্ত, আক্রমণ ভাগও ভালো। তা ছাড়া জয় পাওয়া কতটা কঠিন, এটা আমাদের চেয়ে ভালো আর কে জানে!’ ইঙ্গিতটা সুইজারল্যান্ড ম্যাচের দিকে। অধিনায়ক ক্যাসিয়াসের ভাবনাটাও কোচের মতোই, ‘সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। অনেক টিম আছে, যাদের মনে হয় সহজ, কিন্তু আমরা জানি, আসলে সহজ নয়। প্যারাগুয়েকে হারানো সহজ হবে না।’ আর ডিফেন্ডার হোয়ান কাপডেভিলার ভাষায় আসল লড়াইটা শুরু হলো এখন, ‘এবার শুরু সুন্দর কিন্তু কঠিন সময়। আমাদের জীবনবাজি রেখে লড়তে হবে, যেমন লড়েছি আজ (পরশু)।’ইতিহাস বলছে, এই সময়টাই স্পেনের বিপজ্জনক সময়। পারবে তারা সুন্দর কঠিন সময়টা জয় করতে? ওয়েবসাইট।