সুন্দর ফুটবল নয়, জয়ই আসল: ম্যাথাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোথার ম্যাথাউস
লোথার ম্যাথাউস

জয়, জয় এবং জয়— এই মুহূর্তে লোথার ম্যাথাউস যেন জপে যাচ্ছেন এই মন্ত্রই।  জার্মানির শেষ বিশ্বজয়ের নায়ক চান যেকোনো মূল্যে জয়, সেটা যদি খারাপ ফুটবল খেলেও হয়, তাও সই।
তাঁর সরল স্বীকারোক্তি, ‘১৯৯০ সালে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। কিন্তু ছবির মতো ফুটবল বলতে গেলে খেলিইনি। আমাদের তখনকার মূলমন্ত্র ছিল যে করেই হোক জিততে হবে। আমি এই মন্ত্রে এখনো বিশ্বাস করি।’
২৪ বছর পর জার্মানির বিশ্বকাপ জয়ের একটা সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন ম্যাথাউস, ‘জোয়াকিম লো’র দল দারুণ। ওদের অবশ্যই বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে। তারা সে ধরনের দলও।’
ব্রাজিলের বিপক্ষে আজকের সেমিফাইনাল জিততে হলে লো’কে কিছু কৌশল নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি, ‘এই দলে কোনো সত্যিকারের “নয় নম্বর” নেই। মেসুত ওজিলও তাঁর অভ্যস্ত জায়গায় খেলছে না।’ ম্যাথাউসের মতে, ‘দলের এই দুর্বলতাগুলো ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় পর্বের লড়াইয়ে সামনে চলে এসেছিল। ব্রাজিলের বিপক্ষে এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে হবে।’
জয়ের জন্য ভালো রক্ষণের কোনো বিকল্প নেই বলেই মন্তব্য করেছেন ম্যাথাউস, ‘রক্ষণকে ভালো করতেই হবে। জার্মানিতে একটি কথা প্রচলিত আছে রক্ষণভাগ আপনাকে ট্রফি এনে দেবে আর আক্রমণভাগ সব প্রচার নিয়ে চলে যাবে।’

নেইমারের মতো খেলোয়াড় না থাকায় জার্মানির খুব সুবিধা হবে বলে মনে করেন না জার্মান ফুটবলের অন্যতম ইতিহাসসেরা এই নাম।