সুন্দর ফুটবলের অপেক্ষা
‘...তবে ম্যাচটি সহজ হবে না।’ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ বা খেলোয়াড়েরা প্রায়ই জুড়ে দেন বাক্যটি। প্রতিপক্ষ শক্তিশালী হলে তো বলেনই, শক্তির বিচারে প্রতিপক্ষ দলটি তুলনামূলক দুর্বল হলেও এ কথাটি বলেন সবাই। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই।স্পেন-পর্তুগাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আজ। এর আগে নিয়মমাফিক সংবাদ সম্মেলন হলো। স্পেনের তরফে কোচ ভিসেন্তে দেল বস্ক এবং পর্তুগালে প্রতিনিধি হয়ে এলেন ফরোয়ার্ড সিমাও সাব্রোসা। সেই সংবাদ সম্মেলনে সেই একই সুর—ম্যাচটি সহজ হবে না।পরিসংখ্যান এগিয়ে রাখছে স্পেনকেই। মুখোমুখি ৩২ ম্যাচের ১৫টিতেই জিতেছে তারা, পর্তুগাল জিতেছে ৫টিতে। তবু দুই দল যখন একে অন্যের মুখোমুখি হয়, কাউকে এগিয়ে রাখা মুশকিল। বড় উপলক্ষে জ্বলে ওঠার উদাহরণ পর্তুগালের অনেক আছে। গত বিশ্বকাপেই তো কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। সেদিক দিয়ে দেল বস্ক আর সিমাওয়ের একে অন্যকে সমীহ দেখানোটা স্রেফ লোক দেখানো নয়।তবে সিমাও পরে যা বললেন, তাতে মনে হয় স্পেনকে ‘নিয়মরক্ষার’ সমীহই দেখিয়েছেন তিনি। আর না হলে সমীহ জাগানো কথা বলার পরই আবার বলবেন কেন—স্পেনকে তাদের ভয় নেই, ‘ওরা বিশ্বের অন্যতম সেরা দল। বার্সেলোনার অনেক খেলোয়াড় আছে দলটিতে, খেলেও বার্সেলোনার স্টাইলে। তবে আমরা স্পেনকে একদমই ভয় পাই না। আজ ম্যাচে দুই দলের জয়-পরাজয়ের সুযোগ পঞ্চাশ-পঞ্চাশ।’যাঁকে সারথি করে বিশ্বকাপে এসেছে পর্তুগাল, সেই ক্রিস্টিয়ানো রোনালদো সময়মতো ফর্মে ফিরেছেন। প্রথম তিনটি ম্যাচে খেলেছেনও দারুণ। তিন ম্যাচের সেরাও হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। বাকি ছিল যে গোল পাওয়া, উত্তর কোরিয়ার বিপক্ষে সেটিও এসেছে। পর্তুগালের আর ভয় কী! সিমাও বললেন সে কথাই, ‘আমরাও ভালো দল। স্পেনকে হারাতে হবে আমাদের। ক্রিস্টিয়ানো ফর্মে আছে। আমরা সবাই-ই ভালো খেলছি। আমাদের পক্ষে স্পেনকে হারানো সম্ভব।’স্পেন এমন জোরাল গলায় জয়া-পরাজয় নিয়ে কোনো মন্তব্য করছে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়েছেন মিডফিল্ডার জাভি আলোনসো। আজ তিনি খেলবেন কিনা, এটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। দেল বস্কই ঠিক বুঝতে পারছেন না—আলোনসো খেলতে পারবেন কি না। তবে একটা ব্যাপার যেন স্পেনের সবাই দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছে—আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ফার্নান্দো তোরেস ফিরবেন তাঁর সেরা ফর্মে!বলতে গেলে অস্ত্রোপচারের টেবিল থেকেই দক্ষিণ আফ্রিকায় পা রেখেছেন। লিভারপুল তারকা ঠিক তাঁর সেই ছন্দে নেই। তবে হাভিয়ের মার্টিনেজ যেন সব সতীর্থের মুখপাত্র হয়ে বলে দিলেন, ‘আশা করছি, পরের ম্যাচগুলোয় সে ভালো করবে। আর এর শুরুটা হচ্ছে সম্ভবত এই ম্যাচ দিয়েই।’রোনালদো ফর্মে থাকুন, তোরেসও আজ ফর্মে ফিরুন—সাধারণ ফুটবলপ্রেমীরা এই প্রার্থনাই করবে। তাদের কাছে এই ম্যাচটা যে ‘সুন্দর ফুটবল’ দেখার বড় এক উপলক্ষ। কয়েক বছর ধরে মাঠে যেন ‘লাল গোলাপ’ ফোটাচ্ছে ‘লা ফুরিয়া রোজা’রা (লাল ঝঞ্ঝা)। পর্তুগালও তো ইউরোপের দেশ হয়েও খেলে লাতিন ধাঁচের ফুটবল। ‘ইউরোপের ব্রাজিল’ নামটাও তাদের এ কারণেই পাওয়া। নিখাদ ফুটবল অনুসারীরা তো এই দুই দেশের থেকে সুন্দর ফুটবল আশা করতেই পারে।