সুন্দর ম্যাচের আশায় বুয়েনস এইরেস
লিওনেল মেসি বলছেন, দেখার মতো খেলা হবে। আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তাও বলছেন, ফলাফল যা-ই হোক, দুর্দান্ত ফুটবল হবে। এবার এই সুরে সুর মেলালেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক, আর্জেন্টাইন মিডফিল্ডার এস্তেবান ক্যাম্বিয়াসোও। বুয়েনস এইরেসে আগামীকাল রাতে অনুষ্ঠেয় আর্জেন্টিনা-স্পেন ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদটা আরও একটু উঁচুতে উঠে দাঁড়াল এতে।স্পেন বিশ্বকাপ জিতেছে, কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি। এ বিবেচনায় লড়াইটা স্পেনের পক্ষে একতরফা হওয়ার কথা। কিন্তু ফুটবল সৌন্দর্যপিপাসুরা খুব ভালো করেই জানেন, বিশ্বকাপের ফলটা শেষ কথা নয়। বিশ্বের অন্যতম সুন্দর ফুটবল খেলা দুটি দেশের মুখোমুখি লড়াইয়ে অতীত ফলাফল খুব গুরুত্বপূর্ণ হতে পারে না।এই কথাটাই ম্যাচের আগে বারবার মনে করিয়ে দিতে চাইলেন দেল বস্ক। তিনি বলছেন, আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে তাঁদের খেলার ধরনের মিল থাকাতেই ম্যাচটা দুর্দান্ত হবে। আর্জেন্টিনার সঙ্গে সর্বশেষ সাক্ষাতে ২-১ গোলে জিতেছিল স্পেন। সেই ম্যাচের কথা মনে করিয়ে দিলেন দেল বস্ক, ‘সর্বশেষ ম্যাচটা দারুণ হয়েছিল, কঠিন লড়াই হয়েছিল। আমাদের ওই মনোভাবটা ত্যাগ করা উচিত হবে না। আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল। ওদের ফুটবলাররা খুবই লড়াকু, আর মানও ওদের ভালো। খুব দ্রুত আমাদের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারে। দক্ষিণ আফ্রিকায় কী হয়েছিল সেটা না ভেবে, আমরা সব সময়ই ওদের খুব উঁচু মানের বলে বিবেচনা করি।’আর্জেন্টিনার সঙ্গে খেলায় নিশ্চয়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিওনেল মেসিকে সামলানো। দেল বস্ক এখানেও সর্বশেষ ম্যাচের স্মৃতি টেনে আনলেন, ‘সর্বশেষ সাক্ষাতে তো ওকে আমরা ভালোই আটকেছিলাম। লিও তো দুর্দান্ত খেলোয়াড়। ও বিশ্বকাপে গোল করতে না পারলেও অসাধারণ পারফরম্যান্স করছে। স্রেফ দুর্ভাগ্য। তা না হলে অনেকগুলো গোল পেত বিশ্বকাপে। কিন্তু আমাদেরও কিছু খেলোয়াড় আছে, যারা ওকে ভালো চেনে। তারা যেকোনো সমস্যার সমাধান করতে পারবে।’হ্যাঁ, আর্জেন্টিনার মেসির প্রশংসা করতে গিয়ে নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেননি দেল বস্ক। তাঁর দল সেদিন ইউরো বাছাইপর্বে লিকটেনস্টাইনকে হারিয়েছে ৪-০ গোলে। শুধু ওই পারফরম্যান্সই নয়, দেল বস্ক মনে করছেন এই ম্যাচে তারা যে বিশ্ব চ্যাম্পিয়ন, সেটা প্রমাণ করারও একটা দায় আছে, ‘ম্যাচটা ফুটবলের একটা দুর্দান্ত বিজ্ঞাপন হবে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন বলে সেটা করার দায় আমাদেরই বেশি।’আর্জেন্টাইনরা স্পেনকে সুন্দর ফুটবল খেলতে দিলেও নিশ্চয়ই জিততে দিতে চাইবে না। এই ম্যাচে স্পেনকে রোখার দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পর আবার মাঠে নামতে হবে অভিজ্ঞ রক্ষণাত্মক মিডফিল্ডার ক্যাম্বিয়াসোকে। তিনিও আশা করছেন, দুর্দান্ত ম্যাচ হবে।ইন্টার মিলান তারকা বলছেন, ‘স্পেন যে ফুটবল খেলে তা একবার অনুসরণ করার চেষ্টা না করে সম্ভাবনা শেষ করে দেওয়া ঠিক নয়। স্পেন ও বার্সেলোনা এমন ফুটবল খেলে, যেকোনো নিরপেক্ষ সমর্থকই এদের খেলা দেখার জন্য টিকিট কাটতে চাইবে। আমাদের কোচ সার্জিও বাতিস্তা ঠিক এই মানসিকতাই ধারণ করেন।’ ওয়েবসাইট।