সুন্দর স্মৃতিই সম্বল এখন বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক বলছেন, নিজেদের খেলাটা পরিপূর্ণভাবে খেলতে পারলে সুপার টেনের প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্য আছে। সেটাই মাঠে করে দেখাতে হবে বাংলাদেশ দলকে। ছবি: শামসুল হক
মুশফিক বলছেন, নিজেদের খেলাটা পরিপূর্ণভাবে খেলতে পারলে সুপার টেনের প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্য আছে। সেটাই মাঠে করে দেখাতে হবে বাংলাদেশ দলকে। ছবি: শামসুল হক

বাংলাদেশ দলটা বড় অদ্ভুত। এই দলটা নির্দিষ্ট দিনে হারাতে পারে বিশ্বের যেকোনো দলকে। আবার হেরে যেতে পারে আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের কাছেও! তবে মাত্র ২২ দিনের মাথায় পর পর দুটি অ-টেস্ট খেলুড়ে দেশের কাছে পরাজয় মনে হচ্ছে একটু বাড়াবাড়িই হয়ে গেছে। আফগানিস্তানের সঙ্গে হারটা না হয় দাঁত-মুখ চেপে মেনে নেওয়া গেল। কিন্তু হংকং? এই দলটির বিপক্ষে হারার কী অজুহাত দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা?
অনেকেই এই হারের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটের ‘অনিশ্চয়তা’র কথা তুলে সান্ত্বনা নিতে চান। টি-টোয়েন্টিতে যেকোনো দলই জিততে পারে—এই সান্ত্বনার বাণী কিন্তু ভুলিয়ে দিতে পারছে না হংকংয়ের কাছে হারের দুঃখ। যে দলকে আমাদের প্রিমিয়ার লিগের যেকোনো ক্লাবই অবলীলায় হারাবে, সে দলের কাছে হারের পর কোনো অজুহাতই আসলে যথেষ্ট হতে পারে না। এমন একটি পরাজয়ের পর চার বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে সুপার টেনে কী হয়, সেটা নিয়ে এই মুহূর্তে শঙ্কিত প্রায় সবাই। এই অবস্থায় এই দল কীভাবে বড় বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়বে—এ চিন্তায় ঘুম হারাম প্রায় সব ক্রিকেটপ্রেমীরই।
দলের ‘অবস্থা’য় তো বড় দলের সঙ্গে মোকাবিলার উদ্দীপনা পাওয়াটাই কঠিন। হংকংয়ের বিপক্ষে হারের পর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের শক্তিটা আসলে কীভাবে পাবেন ক্রিকেটাররা, এই হিসেব মেলাতে ব্যস্ত এখন সবাই। হংকংয়ের বিপক্ষে হারের দুঃস্বপ্নটা এতটাই ভয়াবহ, অনেকেই মনে করেন, আত্মবিশ্বাসের দিক দিয়ে দলের অবস্থা তো ইতিহাসের সর্বনিম্ন স্তরে রয়েছে।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য এটা মানতে চান না। এই মুহূর্তে দলের মানসিক অবস্থাকেও খুব খারাপ মনে করেন না তিনি। এই দলটাকে যেমন বাজে স্মৃতি আহত করে, অনেক সুন্দর স্মৃতিও তাদের উদ্দীপ্ত করে। মুশফিক থাকতে চান অতীতের সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে পুঁজি করেই, ‘আমাদের তো অনেক স্মৃতি আছে। বাজে স্মৃতিও যেমন আছে, ঠিক তেমনি আছে সুন্দর অনেক স্মৃতিও। এই মুহূর্তে সুন্দর স্মৃতিগুলোকে সম্বল করেই সামনে এগিয়ে যেতে চাই।’
হংকংয়ের বিপক্ষে একটা হারই সবাইকে ভুলিয়ে দিয়েছে আফগানিস্তান আর নেপালের বিপক্ষে রাজকীয় পারফরম্যান্স। এমনকি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার ব্যাপারটিও ভুলে গেছে সবাই। ব্যাপারটা খুবই স্বাভাবিক। যেখানে যে দল নির্দিষ্ট দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে, তাদের হংকং, আফগানিস্তানের মতো দলের কাছে হারটা মেনে নেবে কেন সবাই। মুশফিক যতই সুন্দর স্মৃতির কথা বলুন না কেন। বাজে স্মৃতি ফিরে ফিরে আসবেই। তাই সুপার টেনে সুন্দর ক্রিকেটই পারে দলকে আবার আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছে দিতে। মুশফিক সেটা জানেন বলেই দলের প্রতি বার্তাটা তাঁর এমন, ‘খুব খারাপ অনেকবারই করেছি। কিন্তু এতটা খারাপ ফল কখনোই আমাদের ছিল না। দলকে আমার বার্তা এখন একটাই, নিজেদের ২০০ ভাগ দিয়ে চেষ্টা করো। নিজেদের খেলাটা পরিপূর্ণভাবে খেলতে পারলে সুপার টেনের প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে।’
আমরাও বিশ্বাস করি, প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্যই বাংলাদেশের আছে।