কার্লোস পুয়োলের ঝাঁকড়া চুলের মাথায় ভর করে ফাইনালে উঠে গেল স্পেন। স্প্যানিয়ার্ডদের একের পর এক আক্রমণ যখন বার্লিন দেয়ালের বাধায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ছিল; সেই সময়, ৭৩ মিনিটে জার্মান রক্ষণদুর্গে পুয়োলের মোক্ষম আঘাত। যে আঘাতে চূর্ণ ইংল্যান্ড-আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসা জার্মানি।বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্ডারের একমাত্র গোলে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠল স্পেন। অবসান হলো তাদের দীর্ঘ প্রতীক্ষার। সোনালি ট্রফিটায় প্রথমবারের মতো চুমু এঁকে দেওয়ার স্বপ্নও কি পূরণ হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের? উত্তরটা পাওয়া যাবে ১১ জুলাই জোহানেসবার্গের সকার সিটির ফাইনালে। যেখানে স্পেনের জন্য অপেক্ষা করছে আগের দিনই ফাইনালে উঠে যাওয়া হল্যান্ড। সেদিন যে দলই জিতুক, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে ভাসবে তারাই।শুরু থেকেই জার্মানদের চেপে ধরেছিল স্পেন। ম্যাচের প্রথম ৩০ মিনিটে স্পেন যেখানে চারটি শট নিয়েছিল, জার্মানি নিতে পারেনি একটিও। কিন্তু প্রথমার্ধের শেষ প্রান্তে ম্যাচে ফিরে আসে জার্মানরা। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ‘বিশ্বসেরা’ পরিচয়ের পরীক্ষাও নেয়। কিন্তু এবার বিশ্বকাপে জার্মানি সবচেয়ে ভয়ংকর হয়ে উঠেছে ম্যাচের ৬১-৭৫ মিনিটের মধ্যে। টুর্নামেন্টে তাদের ১৩ গোলের ৬টিই এসেছে এই সময়ে। সেই ভয়ংকর চেহারায় দেখা দিতে শুরু করেছিল তারা আবারও। সেই সময়ে বার্সা সতীর্থ জাভির কর্নারে মাথা ছুঁয়ে দিলেন পুয়োল। প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেও ফাইনালে উঠল স্পেন। এর আগে ইতালি ১৯৯৪ বিশ্বকাপে হেরে শুরু করেও পৌঁছেছিল ফাইনালে।