সুপার ওভার দিয়ে সুপার এইট শুরু
স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়ে শুরু হলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সংগ্রহ করে ১৭৪ রান। ফলাফল নির্ধারণ না হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। টিম সোউদির করা সুপার ওভারে শ্রীলঙ্কার পক্ষে ১৩ রান সংগ্রহ করেন মাহেলা জয়াবর্ধনে, থিসারা পেরেরা ও দিলশান। জবাবে ব্যাট করতে নেমে লাথিস মালিঙ্গার করা সুপার ওভারে মাত্র ৭ রান সংগ্রহ করতে পারেন কিউই ব্যাটসম্যানরা। এর ফলে সুপার ওভারে জিতে সুপার এইট শুরু করতে পেরেছে স্বাগতিক শ্রীলঙ্কা।পাল্লেকেল্লে স্টেডিয়ামে ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্তভাবে শুরু করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতেই ৮০ রান যোগ করে দলকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে। অষ্টম ওভারে এই জুটি ভেঙে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান জ্যাকব ওরাম। ২৬ বলে ৪৪ রান করে ফিরে যান জয়াবর্ধনে। এর পরও একই গতিতে রান সংগ্রহ করে যাচ্ছিলেন দিলশান ও কুমার সাঙ্গাকারা। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে জয়াবর্ধনে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নিলে কিছুটা চাপের মুখে পড়ে যায় স্বাগতিকেরা। পরবর্তী সময়ে রানের গতিও কমে যায় অনেকখানি। ১৯তম ওভারে সাজঘরের পথ ধরেন দিলশানও। তবে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৫৩ বলে ৭৬ রানের চমত্কার ইনিংস। জয়ের জন্য শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম চার বলে মাত্র তিন রান সংগ্রহ করতে পারেন অ্যাঙ্গেলো ম্যাথুস ও লাহিরু থিরিমানে। পঞ্চম বলে চমত্কার কৌশলে চার মারেন থিরিমানে। শেষ বলে জয়ের জন্য দরকার এক রান। আর এই শেষ বলে থিরিমানেকে রানআউট করে সুপার এইটের প্রথম খেলাটা উত্তেজনাপূর্ণ করে তোলেন জেমস ফ্রাঙ্কলিন ও রস টেলর। নিউজিল্যান্ডের মতো শ্রীলঙ্কাও নির্ধারিত ২০ ওভারে ইনিংস শেষ করে ১৭৪ রানে।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক রস টেলর। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করে নিউজিল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও রব নিকোল। অষ্টম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান আকিলা ধনঞ্জয়। ৩০ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন গাপটিল। আরেক ওপেনার নিকোল অবশ্য পরে পূর্ণ করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৪০ বলে ৫৮ রানের ইনিংস এসেছে এই ডানহাতির ব্যাট থেকে। গাপটিল ও নিকোলের পর ব্রান্ডন ম্যাককালামের ২৫ ও অধিনায়ক রস টেলরের ২৩ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৭৪ রান যোগ করে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন নুয়ান কুলাসেকারা ও আকিলা ধনঞ্জয়।