সুপার ওভারে নিউজিল্যান্ডের ‘সুপার’ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৬ বলে ১১৬ রান করেছেন একজন, আরেকজন ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন ৪৪। তার পরও ম্যাচ শেষে ধারাভাষ্য কক্ষ ম্যাচ-সেরা বেছে নিতে গিয়ে দ্বিধাবিভক্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরি ও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে শেষ পর্যন্ত তা পেয়েছেন ব্র্রেন্ডন ম্যাককালাম, কিন্তু ওই আলোচনাতেই পরিষ্কার, নিউজিল্যান্ডের জয়ে টিম সাউদির অবদানও কম নয়। এই মৌসুমে অস্ট্রেলিয়া যেমন খেলছে, তাদের হারাতে প্রয়োজন ছিল অতিমানবীয় কিছু পারফরম্যান্স। তেমন একটি ইনিংসই খেলেছিলেন ম্যাককালাম, তবে সাউদি দুর্দান্ত বোলিং না করলে বিফলে যেত সেটিও। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৩ ওভারে ৩৬, এই অবস্থায় এক ওভারে সাউদি রান দিলেন মাত্র ৬। ওরামের করা পরের ওভারে ১৮ রান তুলে শেষ ওভারে ১২ রানের প্রয়োজনীয়তায় গিয়ে দাঁড়াল অস্ট্রেলিয়া, সাউদি দিলেন ১১। এরপর জয়-পরাজয় নির্ধারক সুপার ওভারে ওয়ার্নারকে আউট করলেন, রান দিলেন মাত্র ৬। সেই রান টপকাতে গাপটিল-ম্যাককালামের লেগেছে ৩ বল।কাল নিউজিল্যান্ড হারলে হয়তো টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরিই করতে চাইতেন না। যে ম্যাচে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন ক্রিস গেইল, ২০৫ রান করেও সে ম্যাচ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। গেইলের (৫৭ বলে ১১৭) চেয়ে ১ রান কম করেছেন, তবে ৫০ বলে সেঞ্চুরির রেকর্ডটি ঠিকই ছুঁয়েছেন ম্যাককালাম। গেইল আউট হয়েছিলেন, আর তিনি ব্যাট করেছেন আদ্যন্ত। প্রথম ফিফটি ৩২ বলে, পরেরটি মাত্র ১৮ বলে। ৫৬ বলের ইনিংসে চার ১২টি, ছয় ৮টি। প্রথম ১০ ওভারে কিউইদের রান ছিল মাত্র ৭৩, পরের ১০ ওভারে ১৪১!ওয়ার্নার (১০ বলে ২০) ও হাডিনের (৩৬ বলে ৪৭) ব্যাটে জবাবটা দারুণ দিতে শুরু করে অস্ট্রেলিয়াও। চতুর্থ উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে সহ-অধিনায়ক ক্যামেরন হোয়াইটের ৩৯ বলে ৮২ রানের জুটি অস্ট্রেলিয়াকে নিয়ে যায় জয়ের দোরগোড়ায়। শেষ বলে প্রয়োজন ছিল ৩, কিন্তু তৃতীয় রান নিতে গিয়ে রান আউট হন টি-টোয়েন্টিতে প্রথম ফিফটির মুখ দেখা ক্লার্ক (৪৫ বলে ৬৭)। পাঁচটি করে চার-ছয়ে মাত্র ২৬ বলে ৬৪ করে অপরাজিত থাকেন হোয়াইট।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ২০ ওভারে ২১৪/৬ (ম্যাককালাম ১১৬*, হপকিন্স ৩৬, গাপটিল ১৭; টেইট ২/৪০, স্মিথ ১/২৪, হ্যারিস ১/৪০, ন্যানেস ১/৫১)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২১৪/৪ (ক্লার্ক ৬৭, হোয়াইট ৬৪*, হাডিন ৪৭, ওয়ার্নার ২০; ফ্রাঙ্কলিন ২/৩২, বন্ড ১/২৭)।