১ বলে ১ রান। ঠিক আগের বলেই ছক্কা হাঁকানো প্যাট কামিন্স কোনোমতে একটি রান নিতে পারলেই হয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা আনতে পারে। কিন্তু আবদুল রাজ্জাকের ফুলটসটাকে লেগে মারতে গিয়ে ভজকট পাকালেন কামিন্স। ব্যাটের কানায় লেগে বলটা সোজা চলে গেলে মিডঅফের ফিল্ডার ইমরান নাজিরের হাতে। ম্যাচ টাই। মীমাংসার জন্য ম্যাচটা আশ্রয় নিল সুপার ওভারের। সেখানেও টানটান উত্তেজনা। আবার ১ বলে ১ রান। কামিন্স এবার বোলার। শেষ বলটাতে কোনোমতে ব্যাট লাগিয়েই উসাইন বোল্টের গতিতে দৌড়ালেন উমর আকমল। অস্ট্রেলিয়ার ১১ রান টপকে জিতে গেল পাকিস্তান। ম্যাচ জয়ের সঙ্গে তিন ম্যাচের সিরিজটাও পকেটে পুরল মোহাম্মদ হাফিজের দল। আর ম্যাচটা হয়ে রইল টি-টোয়েন্টির বড় এক বিজ্ঞাপন। অস্ট্রেলিয়া সিরিজ তো খুইয়েছেই, পড়েছে আরও বড় লজ্জায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে জর্জ বেইলির দল। বাংলাদেশের সঙ্গে ধবলধোলাই হওয়া আয়ারল্যান্ডও এখন অস্ট্রেলিয়ার ওপরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে পড়েছে গতবারের রানার্সআপরা। পরশু দুবাইয়ে টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তান যখন ১৫১ রান তুলল বোঝা যায়নি ম্যাচটি এত দুর্দান্ত হবে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সই সেটা বুঝতে দেয়নি। পরশু দুই অস্ট্রেলিয়ান ওপেনার ঝোড়ো সূচনা এনে দেন দলকে। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন মিলে ৪.৪ ওভারে তুলে ফেলেন ৪০ রান। এই ৪০ রানের ৩১-ই ওয়ার্নারের। তাঁর ছিল ১৯ বলের ইনিংসে তিন ৪ ও দুই ৬। পঞ্চম ওভারে সাঈদ আজমল আক্রমণে আসতেই থমকে গেল অস্ট্রেলিয়ার রানের চাকা। প্রথম ওভারেই ওয়ার্নার বোল্ড। চার ওভার শেষে ৯.৫০ রানরেটটা ১০ ওভার শেষে নেমে গেল ৭.৯০-এ। একাদশ ওভারে আবার আজমল, আবার আঘাত। এবার ওয়াটসন (৩৩) এলবিডব্লু হয়ে গেলেন। ৪ ওভারে ২০ রান দিয়ে এই ২ উইকেটই ম্যাচসেরা আজমলের। এই ম্যাচেই অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি খেললেন সংক্ষিপ্ত ক্যারিয়ারের সেরা ইনিংসটি। ২৭ বলে ৪২ রানের ইনিংসে ছিল আজমলকে উড়িয়ে মারা দুর্দান্ত এক ছক্কাও। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ওয়েবসাইট।