সুপার ওভারে ‘সুপার’ পাঞ্জাব
আইপিএলে গোটা দশেক ম্যাচ হয়ে গেছে, সবগুলো দলই কমবেশি জয় পেয়েছে। শুধু জয়ের দেখা পাচ্ছিল না কিংস ইলেভেন পাঞ্জাব। অবশেষে তিন ম্যাচ পর সেই জয় এল চরম নাটকীয়তার এক ম্যাচে। চেন্নাইয়ের বিপক্ষে তারা জিতল ‘সুপার ওভারে’। ক্ষণে ক্ষণে রং পাল্টানো ম্যাচটা নির্ধারিত ওভারে ‘টাই’ হয়ে গিয়েছিল। এরপর সুপার ওভারে স্বাগতিক চেন্নাই সুপার কিংস দুই উইকেট হারিয়ে তোলে ৯ রান। ছয় বলে চাই ১০ রান—এই সমীকরণে মুত্তিয়া মুরালিধরনের করা প্রথম বলেই ছয় মেরে দেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু পরের বলেই আউট তিনি। তৃতীয় বলটা ডট। চতুর্থ বলে রিভার্স সুইপ করে চার আসে যুবরাজ সিংয়ের ব্যাটে। বলিউড তারকা প্রীতি জিনতা চরম ‘সাসপেন্সে’ ঠাসা সিনেমার মতোই এক ম্যাচে পেয়ে যান প্রথম জয়।ওদিকে কাল প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছে ১০ রানে। প্রথম ম্যাচ হেরে শুরু করা ডেকানের এটি টানা তৃতীয় জয়। প্রথম দুই ম্যাচে জিতে এবারের আসর শুরু করা দিল্লির এটি টানা তৃতীয় পরাজয়।প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান তোলে ডেকান। ৩৩ বলে ৫৭ রান করে জবাবটা ভালোই দিচ্ছিলেন দিল্লির অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬১ রান তোলে দিল্লি।আইপিএলে সাহারা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ হতে যাচ্ছে আরও দুটি নতুন দল—পুনে ও কোচি। কাল পাঁচটি দলের মধ্যে সবচেয়ে বেশি দাম দিয়ে (৩৭০ মিলিয়ন ডলার) পুনে দলটিকে কিনে নিয়েছে সাহারা গ্রুপ। ৩৩৩.৩৩ মিলিয়ন ডলার দিয়ে কোচিকে কিনেছে রেনডেজভাস স্পোর্টস। আগামী মৌসুমে আইপিএলে অংশ নেবে ১০টি দল। ওয়েবসাইট।