সুপার কাপ আর কোটি টাকার নয়!
চ্যাম্পিয়ন দলের জন্য এক কোটি টাকা অর্থ পুরস্কার। রানার্সআপ ৩০ লাখ। অংশগ্রহণ ফিসহ সব মিলিয়ে প্রায় দুই কোটি টাকা খরচ। শুধু চ্যাম্পিয়নের কোটি টাকা অর্থ পুরস্কারের জন্যই ক্রীড়াঙ্গনে আলোড়ন ফেলেছিল সুপার কাপ ফুটবল।২০০৯ ও ২০১১ সালে হয়েছে দুটি সুপার কাপ। প্রথমটি ছিল দারুণ সফল। ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকতে না পেরে ফিরে গেছেন কয়েক হাজার দর্শক। সেই স্মৃতি ফিরিয়ে আনতে তৃতীয় সুপার কাপ আয়োজনের কথা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে এবার আর সুপার কাপটা কোটি টাকার থাকছে না।বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী কাল স্পষ্ট করেই জানিয়েছেন, ‘এবার আমরা প্রাইজমানি সব মিলিয়ে ৫০ লাখের মধ্যে রাখব।’ তাঁর দেওয়া তথ্য, চ্যাম্পিয়ন দল হয়তো ২৫ লাখ, বাকি টাকা রানার্সআপ এবং তৃতীয়-চতুর্থ দল পাবে। এটা পরে চূড়ান্ত হবে।সুপার কাপের প্রবক্তা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সেদিন বাফুফে ভবনে তাঁর মুখে কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা শুনে পাশের কক্ষে বসে অনেক কর্মকর্তা বলেছিলেন, ‘এটা রসিকতা নাকি! তাঁর (সালাউদ্দিন) কি মাথা খারাপ হয়ে গেল?’দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে কোটি টাকা অর্থ পুরস্কার দিয়ে সালাউদ্দিন প্রতিশ্রুতি রেখেছেন। তবে এবার অর্থ পুরস্কার কমানোর ব্যাপারে কাল স্পষ্ট করে কিছু বলতে চাননি বাফুফের সভাপতি।সালাম পরে বলেন, ‘ফেডারেশনের সভাপতির সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি। তিনি সবই জানেন এবং তাঁর পরামর্শেই সব করা হচ্ছে। কোটি টাকা নয়, প্রাইজমানি এবার অর্ধকোটিতে নামছে—এটা চূড়ান্ত এবং লিখতে পারেন। লিগ কমিটির সভায় এটা নিয়ে কথাও হয়েছে।’তবে নানা ঘোরপ্যাঁচে পড়ে টুর্নামেন্ট শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়েই সংশয় আছে। মে মাসের শুরুতে আবাহনী কাঠমান্ডু যাবে এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে। ওই মাসের মাঝামাঝি জাতীয় দলের ইংল্যান্ড সফরের জন্য ক্যাম্প শুরু হবে, সে ক্ষেত্রে জুন ছাড়া গতি নেই। জুনে সব ক্লাব নতুন করে প্রস্তুতি নিয়ে খেলতে নাও চাইতে পারে। এরই মধ্যে ‘ক্যাম্প আর লম্বা করতে পারব না’ বলে দু-তিনটি ক্লাব অনীহা দেখাচ্ছে।তবে সালাম নিশ্চয়তা দিচ্ছেন সুপার কাপ হবেই, ‘আমরা সুপার কাপ এবার করবই। কেউ খেলতে না চাইলে বাদ। আমরা পিছিয়ে যেতে রাজি নই। দলগুলোর খেলা বাড়াতে টুর্নামেন্টটা অবশ্যই হওয়া দরকার।’