সুপার কাপ একটা সুযোগও
দীর্ঘদিন থেকেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে একটা হতাশা ভেসে বেড়াচ্ছে। বিদেশি খেলোয়াড়দের দাপটে স্থানীয় খেলোয়াড়েরা সেভাবে সুযোগ পাচ্ছেন না। এই আক্ষেপ ঘোচানোর জন্য এসে গেছে সুপার কাপ। ১৪-২৫ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আসছে সম্পূর্ণ দেশীয় খেলোয়াড়দের নিয়ে। ‘বিদেশিদের জন্য খেলতে পারছি না’—এই আক্ষেপ অন্তত একটা টুর্নামেন্টে বিতাড়িত হচ্ছে।বিদেশিরা খেললে সম্ভাবনাময় অনেক তরুণের ঠিকানা হয় বেঞ্চ। তৃতীয় সুপার কাপ ওই সব খেলোয়াড়ের সামনে বন্ধ দুয়ার খুলে দেওয়ারই একটা সুযোগ। এটা খেলোয়াড়কে এগিয়ে তো দেবেই, একই সঙ্গে জাতীয় দলের জন্যও আনবে শুভ ফল।বাংলাদেশের ফুটবল-বাস্তবতা এই যে, বেঞ্চে কাটিয়েও অনেক খেলোয়াড় জাতীয় দলে ডাক পান। পরিস্থিতির কারণে নির্বাচকেরা বাধ্যই হন বেঞ্চের খেলোয়াড় ডাকতে। কারণ, ক্লাব বিদেশি খেলালে স্থানীয় খেলোয়াড়ের তো দোষ নেই। কাজেই তাঁকে জাতীয় দলে ডাকতেই হয়। কিন্তু সুপার কাপে সব স্থানীয় খেলোয়াড়কে দেখার সুযোগ পাবেন নির্বাচকেরা। চোখ কাড়তে খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে।এই বিশ্বাস বদ্ধমূল খেলোয়াড়দের মধ্যেও। বর্তমানে দেশের সবচেয়ে দামি ফুটবলার শেখ রাসেলের মিডফিল্ডার মামুনুল ইসলামের ভাষায়, ‘বিদেশিরা না খেলায় নতুন নতুন অনেক স্থানীয় খেলোয়াড় উঠে আসবে সুপার কাপে।’ক্লাবগুলোর জন্যও এই টুর্নামেন্ট অন্য রকম। স্থানীয়দের নিয়ে কার শক্তি কেমন, সেটি বোঝা যাবে এবার। মানে, ক্লাবগুলোর একটা পরীক্ষা নেবে সুপার কাপ। বড় দলগুলোর যে কেউ শিরোপা জিততে পারে। মোহামেডান কোচ সাইফুল বারী বলে দিলেন, এটি উন্মুক্ত টুর্নামেন্ট।তার পরও মৌসুমে ‘ট্রেবল’জয়ী শেখ রাসেল ও লিগে তৃতীয় হওয়া আবাহনীর লাইনআপ আলাদা করে সমীহ কাড়ছে। আবাহনীর গোলে সোহেল, রক্ষণে সুজন, ওয়ালি, মিশু ও সিরাজী, মাঝমাঠে প্রাণতোষ, কমল, আরমান আজিজ ও তৌহিদ, স্ট্রাইকার হিসেবে আছেন শাখাওয়াত রনি ও এনামুল। বিপ্লব, রেজাউল, লিংকন, মামুন মিয়া, উত্তম, লিংকন, নাহিদ, মামুনুল, ইমন বাবু, জাহিদ, আনোয়ার, রাজন, মিঠুন, এমিলিদের দল শেখ রাসেল কাগজ-কলমে বিদেশি ছাড়াও বেশ শক্তিশালী।মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম করলেন রসিকতা, ‘দেশীয় পণ্য ব্যবহারের একটা সুযোগ এসেছে সামনে।’ এমন পরিস্থিতি সাম্প্রতিক সময়ে তো নয়ই, আগে কখনো এসেছে কি না মনে করতে পারছেন না অনেকেই। পুরোপুরি দেশি খেলোয়াড় নিয়ে টুর্নামেন্ট করার মজাও আলাদা। খেলোয়াড়দের কার দৌড় কত দূর, সেটাও ভালোভাবে বোঝাবে এই টুর্নামেন্ট।খেলোয়াড়েরা বেশ উত্তেজনার মধ্য দিয়ে অনুশীলনে নেমেছেন। আট দলের প্রতিযোগিতার মঞ্চে নামতে প্রায় সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। খেলোয়াড়েরা উজ্জীবিত। একটা চ্যালেঞ্জ অনুভব করছেন সবাই। আবাহনীর প্রাণতোষের কথা, ‘এত দিন বলতাম বিদেশির জন্য স্থানীয়রা সুযোগ পায় না। কিন্তু এবার সেটা বলার উপায় নেই। আমাদের দেশীয় খেলোয়াড়দের মধ্যে কে সেরা, তা বোঝা যাবে এই টুর্নামেন্টে।’সমস্যা একটাই, দলগুলো প্রস্তুতির জন্য সময় পাচ্ছে কম। তা ছাড়া বৃষ্টির মৌসুমে খেলা। বৃষ্টি হলেও খারাপ মাঠে ম্যাচ আয়োজন চান না খেলোয়াড়েরা। প্রয়োজনে খেলা বন্ধ রেখে ভালো মাঠে সুপার কাপ আয়োজনের ওপর গুরুত্ব দিচ্ছেন সবাই।টুর্নামেন্টটা আকর্ষণীয় হবে, এমন বিশ্বাস সবারই। অবশ্য এর পূর্বশর্ত মাঠে দর্শক আসতে হবে। যেহেতু পুরোপুরি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন আমেজের খেলা, তাই দর্শক আনন্দ পাবেন বলেই বিশ্বাস শেখ জামাল কোচ ওয়াসিম ইকবালের।অতৃপ্তিও হয়তো থাকবে। সনি নর্দের মতো ফুটবলারকে তো দেখা যাবে না এই সুপার কাপে। সেটি অবশ্য ঢেকে যাবে এই তৃপ্তিতে—স্থানীয় খেলোয়াড়েরা তো সুযোগ পাচ্ছেন।