সুপার কাপ নিয়ে গোলকধাঁধা
সুপার কাপ হচ্ছে। সুপার কাপ হচ্ছে না। এ যেন গোলকধাঁধা। দিন তিনেক আগে কাজী সালাউদ্দিন জুন মাসে কোটি টাকার তৃতীয় সুপার কাপ আয়োজনের ঘোষণা দিলেন। কয়েকটি ক্লাবের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে ইতিবাচক সাড়াও নাকি মিলেছিল। শেখ জামাল ‘না’ বললেও শেখ রাসেল, আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ‘হ্যাঁ’ বলেছে বলে দাবি সালাউদ্দিনের। বাকি ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে শিগগিরই সুপার কাপের সূচি দেবেন বলেছিলেন। কিন্তু অবস্থাদৃষ্টে এই টুর্নামেন্ট জুনে হবে কিনা সংশয়। কারণ বড় দুটি দল শেখ জামাল ও মোহামেডান খেলবে না বলছে।বাফুফে এখন সুপার কাপ আয়োজনে খুবই আগ্রহী, অথচ আগ্রহ নেই ক্লাবগুলোর। ব্যাপারটা এমন, হাতে-পায়ে ধরে ক্লাব আনতে হবে! এমনিতে বছরে মাত্র ২৪-২৫টি ম্যাচ পাচ্ছে বড় দলগুলো। সুপার কাপ হলে আরও কয়েকটা ম্যাচ বাড়ে। বছরে অন্তত ৪০-৪৫টা ম্যাচ তো খেলা দরকার। সেই দৃষ্টিকোণ থেকেও সুপার কাপ খেললে ক্লাবগুলোরই ভালো হবে।কিন্তু ‘মৌসুম শেষ’, ‘ক্যাম্প ছুটি হয়ে গেছে’ কারণ দেখানো হচ্ছে অন্যতম দুটি বড় দলের পক্ষ থেকে। শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিমের ভাষ্য, ‘আমরা সুপার কাপ খেলব না এটা চূড়ান্ত। খেলোয়াড় খুঁজে এনে ক্যাম্প করা সম্ভব নয়।’ এখন শেখ জামালের মিত্র মোহামেডানও পরশু না খেলার কথা বলেছে। ক্লাবের কার্যনির্বাহী পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার কথা, ‘ক্যাম্প ছুটি হয়ে গেছে। কাজেই আবার সব গুছিয়ে মাঠে নামা কঠিন। তাই আমরা সুপার কাপ খেলব না।’মে মাসে টুর্নামেন্টটি আয়োজিত হলে ‘খেলব না’ বলেছিল মোহামেডান। জাতীয় দলের লন্ডন সফরের কারণে ওই মাসে সুপার কাপ না করার সিদ্ধান্ত নেয় বাফুফে। নতুন সিদ্ধান্ত ছিল, আগামী মৌসুমের শুরুতে অর্থাৎ নভেম্বরের দিকে এটি করা হবে।কিন্তু জুনের লন্ডন সফর বাতিল হওয়ায় ওই সময় সুপার কাপ আয়োজনে সদিচ্ছা প্রকাশ করে সালাউদ্দিন প্রশংসনীয় উদ্যোগই নেন। তাতে সঙ্গে সঙ্গেই সাড়া দিতে কার্পণ্য করেনি মৌসুমের তিনটি শিরোপাই জেতা শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী, ‘আমরা সুপার কাপ হলে খেলব।’ আবাহনীও ইতিবাচক। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু কাল রাতে বলেছেন, ‘ফেডারেশন আয়োজন করলে আমরা সুপার কাপ খেলতে আগ্রহী।’সালাউদ্দিন এই ফাঁকে একটা মানদণ্ড ঠিক করেছেন। ক্লাবগুলোকে খেলতে হবে বিদেশিদের বাদ দিয়ে। যা স্থানীয়দের জন্য বড় এক সুযোগ। উল্লেখ্য, ২০০৯ সালে শুরুর মৌসুমে দারুণ সফল সুপার কাপ ফাইনালে টেনে এনেছিল স্টেডিয়ামভর্তি দর্শক। তার পর থেকেই এটি অনিয়মিত। ২০১১ সালে দ্বিতীয় আসর হওয়ার পর আবার বাক্সবন্দী। এ রকম প্রশংসনীয় উদ্যোগের ধারাবাহিকতা না-থাকাটা হতাশারই। বিদায়ী মৌসুমে অযথা অনেক সময় নষ্ট করেছে বাফুফের লিগ কমিটি। অদূরদর্শী এবং অনেকটা অকার্যকর এই কমিটির কারণেই আসলে সুপার কাপ বর্ষপঞ্জিতে থাকলেও আলোর মুখ দেখেনি কয়েকটা বছর।মাঝখানে বলা হলো, এবার সুপার কাপ হলেও সব মিলিয়ে অর্থ পুরস্কার হবে ৫০ লাখ। এখন আবার বলা হচ্ছে, কোটি টাকাই দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। একেকবার একেক রকম কথা বলায় এই টুর্নামেন্টের মর্যাদাই নষ্ট হতে বসেছে। মাঠে দর্শক আকর্ষক আলোচিত সুপার কাপ যতটা গুরুত্ব পাওয়া উচিত ছিল, তা শুরুর বছরের পর আর পায়নি! বাফুফে সভাপতি কাতার সফরে গেছেন। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, জুনে সুপার কাপ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাফুফে সভাপতি। ঢাকায় ফিরে ক্লাবগুলোকে নিয়ে সভায় বসবেন। বাফুফের লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর কথা, ‘কেউ না খেলতে চাইলে তাদের বাদ দিয়েই জুনে সুপার কাপ হবেই।’সুপার কাপ খেলতে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল ক্লাবগুলোর। সময়ের বিবর্তনে ক্লাবের মুখেই এখন উল্টো সুর।