সুপার কাপ মোহামেডানের
ইতিহাসের হাতছানি ছিল শেখ রাসেলের সামনে। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো নীল দলকে। সুপার কাপের ফাইনালে মৌসুমের তিনটি শিরোপাজয়ী শেখ রাসেলকে টাইব্রেকারে ১ (৪): ১ (২) হারিয়ে দিল প্রথম আসরের চ্যাম্পিয়ন মোহামেডান। এটি সাদা-কালোদের দ্বিতীয় শিরোপা।নির্ধারিত সময়ের ২৬ মিনিটে প্রথমে শেখ রাসেলকে এগিয়ে নেন জাহিদ হাসান এমিলি। কিন্তু ৫৩ মিনিটে বিপ্লবের হাত ফসকে যাওয়া বল থেকে দলকে সমতায় ফেরান ওয়াহেদ (১-১)। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও কোনো গোল হয়নি। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।গ্যালারি ভরা দর্শক। আতশবাজি-পটকার কানফাটানো শব্দ। স্নায়ুক্ষয়ী ‘উপভোগ্য’ উত্তেজনা। মাঠে মারামারি। লাল কার্ড, হলুদ কার্ড দেখা। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানো। অবশেষে টাইব্রেকার। নখকামড়ানো অপেক্ষা দুই দলের। একটা আদর্শ ও অসাধারণ ফাইনালের সব রসায়নই মেশানো ছিল আজকের ম্যাচে। বিদেশি ছাড়া টুর্নামেন্ট। খেলোয়াড়দের বিরুদ্ধে কর্মকর্তাদের আস্থার সংকট। বকেয়া পারিশ্রমিকের দাবিতে খেলোয়াড়দের আন্দোলন এবং প্রথম দিকে সুপার কাপে খেলার অস্বীকৃতিতে অটল মোহামেডানের এমন বাজিমাত এই মৌসুমের ফুটবলে সবচেয়ে বড় চমকই বলতে হবে। ম্যাচ শেষে মোহামেডানের খেলোয়াড়েরা দিলেন ল্যাপ অব অনার। আর মাঠেই কান্নায় ভেঙে পড়লেন মিঠুন, এমিলি, জাহিদরা।ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় একই দলের মোবারক হোসেন। সর্বোচ্চ গোলদাতা তিনজন—শেখ রাসেলের এমিলি, ব্রাদার্সের জুয়েল রানা ও মোহামেডানের ওয়াহেদ। প্রত্যেকেই করেছেন তিনটি করে গোল।