সুপার কাপ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঝোরে বৃষ্টিও কাল বিকেলে বুয়েট মাঠে আটকাতে পারল না শেখ জামালের অনুশীলন। কোটি টাকার টুর্নামেন্ট শুরুর দিনে মাঠে নামার শেষ প্রস্তুতি তো নিতেই হবে। হোক বৃষ্টি, তাতে কী!কোনো দল হয়তো বৃষ্টিকে এক দিন ‘ডজ’ দিতে পারে। কিন্তু গ্রামীণফোন দ্বিতীয় সুপার কাপ? ৬ দলের ১১ দিনের টুর্নামেন্ট বৃষ্টির জন্য এক দিন পেছালেই সর্বনাশ। ১৯ জুলাই ফাইনাল শেষে পরদিনই জাতীয় দলের বৈরুত যাওয়ার কথা। তার মানে এক দিন কোনো কারণে খেলা না হলেই বাংলাদেশ লিগের শীর্ষ ছয় দলের এই টুর্নামেন্টের ভাগ্যাকাশে কালো মেঘ জমবে। সৃষ্টিকর্তার কৃপা ছাড়া পথ খোলা দেখছে না বাফুফে। আয়োজক কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদকে কাল পুরো অদৃষ্টবাদী মনে হলো। আজ বিকেল চারটায় শেখ জামাল-ব্রাদার্স ম্যাচ দিয়ে সুপার কাপ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। এখন বৃষ্টি-কাদা মাঠে সুপার কাপ হলে মাঠের অবস্থা শোচনীয় হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এক বছর বিরতি দিয়ে সুপার কাপ হচ্ছে এমন একটা সময়, যখন লিগ খেলে ক্লান্ত দলগুলো। খেলোয়াড়েরা বলছেন সামনে দলবদল শেষে টুর্নামেন্টটা হলেই ভালো ছিল। তার ওপর সময় একেবারেই কম। প্রচারণার সময়ই সেভাবে পাওয়া যায়নি। সব মিলিয়ে ২০০৯ সালে দেশের ফুটবলে ঢেউতোলা সুপার কাপ এবার কতটা জমবে প্রশ্ন থাকছেই। জাতীয় দলের অনুশীলন বাদ দিয়ে তড়িঘড়ি করে এটি আয়োজনের বিপক্ষে কথা বলছেন অনেকেই। তবে সুপার কাপ হচ্ছে, এটা ভালো খবর দেশের ফুটবলের জন্য। কিন্তু নিজেদের সামনে কোনো আশার আলো কি দেখতে পাচ্ছেন এমিলি-জাহিদরা? শেখ জামালের বেঞ্চে কাটানো এই খেলোয়াড়েরা জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের প্রমাণ করেছেন। এখন সুপার কাপে আবার সেই বেঞ্চেই ঠাঁই হবে? প্রথম সুপার কাপের সেরা খেলোয়াড় এমিলি বললেন, ‘সুযোগ পাব কি না জানি না। আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’ মুখে স্মিত হাসি ফুটিয়ে জাহিদের কথা, ‘কী আর করব। সুযোগ পেলে খেলব, নইলে বসে থাকব।’সুপার কাপটা গ্যালারিতে বসে দেখবেন জাতীয় দলের কোচ নিকোলা ইলিয়েভস্কি। সর্বশেষ জাতীয় দলের প্রথম একাদশে ছিলেন শেখ জামালেরই ৮-৯ জন। তাই শেখ জামাল যেন জাতীয় দলের প্রতিচ্ছবি। সামনে লেবাননের বিপক্ষে ম্যাচ, জাহিদ-এমিলির সুপার কাপে খেলাটা উচিতই। শোনা যাচ্ছে, জাতীয় দলের খেলোয়াড়দের ক্লাবে নিয়মিত সুযোগ করে দেওয়ার রাস্তা খুঁজছে বাফুফে। কিন্তু সেটা কি আর সম্ভব!পাকির আলী কী ভাবছেন? শেখ জামালের শ্রীলঙ্কান কোচকে প্রশ্নটা করার পর সরাসরি কিছু বললেন না। একটি সূত্র জানাচ্ছে, শেখ জামালের দল তৈরির কাজটা পুরোপুরি কোচ করেন না। কাজেই কোচ চাইলেও তাঁর পক্ষে এমিলি-জাহিদকে খেলানো সম্ভব নয়। বেচারা এনামুলও হতাশ। কাল ক্লাব ভবনে বসে আক্ষেপই করলেন আপাতত আলোচনার বাইরে চলে যাওয়া এনামুল, ‘একটা মৌসুম খেলতে পারলাম না। সুপার কাপেও সুযোগ পাব কি না জানি না। দেখা যাক কী হয়।’খেলোয়াড়দের মুখে হাসি নেই। সামনে দলবদল নিয়েই যত আলোচনা এখন খেলোয়াড়দের আড্ডায়। সুপার কাপটা সেভাবে আগ্রহের কেন্দ্রে আসছে না। তবে যেহেতু চ্যাম্পিয়ন হলে কোটি টাকার ব্যাপার, তাই বৈরী আবহাওয়ার মধ্যেও ক্লাব বসে থাকতে পারে না!বিকেলে গোপীবাগ ক্লাব মাঠে গিয়ে দেখা গেল, কাকভেজা হয়ে দল নিয়ে অনুশীলনে কোচ ওয়াসিম ইকবাল। সমস্যা হচ্ছিল, তবু প্রস্তুতিতে ঘাটতি রাখতে চাননি। কিন্তু বৃষ্টি নিয়ে আশঙ্কাটা তাঁর মনেও জেঁকে বসেছে, ‘যেভাবে বৃষ্টি নামছে, টুর্নামেন্টটা ভালোয় ভালোয় শেষ করা গেলেই হয়!’