সুপার কাপ শুরু ৮ জুলাই
দ্বিতীয় সুপার কাপ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের কথা বলেছিল বাফুফে। কাল সুপার কাপ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৮ জুলাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে গ্রামীণফোন দ্বিতীয় সুপার কাপ। কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিতি পাওয়া টুর্নামেন্টের প্রাইজমানি আগের মতোই থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি টাকা। রানার্সআপ ২০ লাখ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দল সাড়ে ৭ লাখ করে। বাকি দুই দলের জন্য বরাদ্দ পাঁচ-পাঁচ ১০ লাখ টাকা।প্রথম সুপার কাপের চেয়ে এবার দুটি দল কমিয়ে ছয়টি দলকে সুযোগ দেওয়া হচ্ছে। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ডাবল লিগ শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।জেএফএ কাপ: জাপানের আর্থিক অনুদানে জেএফএ কাপ ফুটবল শুরু হয়ে থমকে ছিল গত তিন বছর। অবশেষে হিমাগার থেকে বের হচ্ছে অনূর্ধ্ব-১৫ বয়সীদের টুর্নামেন্টটি। আগামী ১ জুলাই ৮টি আঞ্চলিক ভেন্যুতে বাছাইপর্ব শুরু হবে ৫৩টি জেলা ও বিকেএসপিকে নিয়ে, এরপর ৮ দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের জন্য দল গড়বে বাফুফে।মেসিদের টিকিট: আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। এ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে কাল। তবে আপাতত সেটা করপোরেট হাউসগুলোর জন্যই। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে পাঁচটি হসপিটালিটি বক্স। প্রতিটি বক্সে আসনসংখ্যা ২৪টি, মূল্য ১৫ লাখ টাকা করে। বাফুফের সিনিয়র সভাপতি সালাম মুর্শেদী দুটি প্রতিষ্ঠানের জন্য দুটি বক্স নিয়েছেন। বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান নিয়েছে একটি করে বক্স।