প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ ক্রীড়া সাংবাদিক অ্যান্টন উইটক্যাম্পের মাথায় ঘুরপাক খাওয়া উয়েফা সুপার কাপের ধারণাটি বাস্তব রূপ নেয় ১৯৭২ সালে। স্কটল্যান্ডের গ্লাসগো রেঞ্জার্সকে দুই লেগের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সে সময়ের বিশ্বসেরা ক্লাব আয়াক্স আমস্টারডাম। উয়েফা অবশ্য প্রথম আয়োজনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। পরের বছর উয়েফার আয়োজনে প্রথম আসরেও চ্যাম্পিয়ন ডাচ ক্লাবটি। আয়াক্সের আধিপত্য দিয়ে শুরু হলেও সুপার কাপের সেরা নাম এসি মিলান। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা পাঁচবার জিতেছে সুপার কাপ। সর্বোচ্চ আটবার সুপার কাপ খেলে স্পেনের বার্সেলোনা জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ চারটি শিরোপা। ইংল্যান্ডের লিভারপুল জিতেছে তিনটি। আয়াক্সের শিরোপাও তিনটি হয় প্রথম আসরেরটি ধরা হলে। দুবার করে ট্রফিটি জিতেছে অ্যান্ডারলেখট, জুভেন্টাস, ভালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ।