সুপার কাপে খেলবে মোহামেডান
‘না’ বলতে বলতে শেষ পর্যন্ত ‘হ্যাঁ’। অবশেষে তৃতীয় সুপার কাপে খেলতে রাজি হয়েছে মোহামেডান। সিদ্ধান্তটি কাল তারা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে বাফুফেকে।
খেলোয়াড়-সংকটের কথা বলে মোহামেডান শুরু থেকেই সুপার কাপে খেলবে না বলে জানিয়ে আসছিল। ডিফেন্ডার রজনী ভারতে, মিডফিল্ডার মারুফ যুক্তরাষ্ট্রে—এই দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কা ছিল ক্লাব কর্মকর্তাদের। কিন্তু দুজনকেই পাওয়া যাচ্ছে। মারুফ যুক্তরাষ্ট্রে যাননি, আছেন ঢাকাতেই। রজনীও দু-চার দিনের মধ্যে চলে আসবেন।
এ ছাড়া বন্ধুদের সঙ্গে ওয়াহেদের দেশের বাইরে বেড়াতে যাওয়ার কথা ছিল। সেটিও আপাতত বাতিল করতে বলা হয়েছে এই স্ট্রাইকারকে। তার মানে সব স্থানীয় খেলোয়াড়কেই পাচ্ছে মোহামেডান।
এই টুর্নামেন্টটা এবার শুধুই স্থানীয় খেলোয়াড়দের, বিদেশি খেলোয়াড় খেলানো যাবে না। স্থানীয় খেলোয়াড় নিয়ে মোহামেডান সুবিধা করতে পারবে না, এটা ধরে নিয়েই ‘না’ খেলার পক্ষে অবস্থান নিয়েছিল সাদা-কালোরা। কিন্তু ‘মোহাডোনের মতো দল না খেললে কেমন দেখায়’, নানা মহলের এমন বিরূপ প্রতিক্রিয়া শেষ পর্যন্ত আমলে না নিয়ে পারেনি।
মোহামেডান আসায় বাংলাদেশ লিগের শীর্ষ আট দলকেই পাওয়া যাচ্ছে ১৪-২৫ জুন অনুষ্ঠেয় আলোচিত এই টুর্নামেন্টে।