সুপার কাপে সুপার প্রাপ্তি

অথচ এই টুর্নামেন্টে কি না, খেলতেই চায়নি বড় দুটি দল। টাইব্রেকারে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন যে মোহামেডান, অবিশ্বাস্য হলেও সত্যি, তারাই সুপার কাপে খেলতে রাজি হয়নি প্রথমে!
ক্লাব খেলতে রাজি, বাফুফের টালবাহানা—এত দিনের পরিচিত এই ছবিটাকে এবার উল্টে দিল সুপার কাপ! জাতীয় দলের ইংল্যান্ড সফর বাতিল হওয়ায় কাজী সালাউদ্দিন হঠাৎ ঘোষণা করলেন, জুনে হবে সুপার কাপ। কিন্তু বেশ কদিন আগেই লিগ শেষে ক্যাম্প-ট্যাম্প গুছিয়ে ফেলায় অনীহা দেখা গেল ক্লাবগুলোর মধ্যে। মোহামেডান ও শেখ জামালের মধ্যে একটু বেশি করেই।
এটাই পরোক্ষে হয়েছে শাপেবর। সালাউদ্দিন দলগুলোকে বললেন, ‘বিদেশি ছাড়াই খেলুন।’ বিদেশি ফুটবলাররা চলে যাওয়ায় এ ছাড়া উপায়ও ছিল না। এটাই বড় সুযোগ হয়ে গেল স্থানীয় ফুটবলারদের জন্য। ১৯৮৯ সালের পর এই প্রথম কোনো টুর্নামেন্ট হলো শুধুই স্থানীয় খেলোয়াড়দের নিয়েই। কোচরা এত দিন যাঁদের দিকে লক্ষ দিতে পারেননি বিদেশিদের দাপটে, তাঁদের দেখলেন। তাঁরা মুগ্ধ করলেন কোচদের।
মোহামেডানকে সুপার কাপ জেতাতে বড় ভূমিকা রাখা স্ট্রাইকার ওয়াহেদ এই সুপার কাপেরই ‘আবিষ্কার’। ফাইনালিস্ট দুই দলের কোচই উচ্চকিত তাঁকে নিয়ে। শিরোপাজয়ী মোহামেডান কোচ সাইফুল বারী কাল ক্লাব চত্বরে বিজয়োৎসবের মধ্যেই বলছিলেন, ‘লিগে ওকে আমি সুযোগ দিতে পারিনি। কিন্তু সুপার কাপে সুযোগ পেয়ে সে দেখাল ডিফেন্ডারদের হারিয়ে গোল করতে পারে।’ রানার্সআপ শেখ রাসেলের কোচ মারুফের কথা, ‘ওয়াহেদ দুর্দান্তভাবে নজর কাড়ল। অথচ দেখুন, বিদেশিদের কারণে এই খেলোয়াড়ের ঠাঁই হয় বেঞ্চে! পাশাপাশি ব্রাদার্সের ফরোয়ার্ড জুয়েল রানা, আমাদের ডিফেন্ডার নাহিদসহ আরও অনেকেই খুব ভালো খেলেছে। এটাই আসলে সুপার কাপের প্রাপ্তি।’
এরই পিঠে অনিবার্য সেই দাবিটা উঠল, কমানো হোক বিদেশি খেলোয়াড়। টুর্নামেন্ট সেরা মোহামেডানের মোবারক হোসেন পুরস্কার হাতে নিয়েই জোরালো কণ্ঠে জানালেন দাবিটা। তবে সুপার কাপ শেষের পরের দুপুরে ফুরফুরে কাজী সালাউদ্দিন আপাতত দাবিটা নাকচ করে দিলেন, ‘দলগুলো আগামী মৌসুমের জন্য দল সাজিয়ে ফেলেছে। কাজেই আসছে মৌসুমে সাতজন বিদেশির নিবন্ধন ও চারজনের খেলার নিয়মই বহাল থাকবে।’ বিদেশির ব্যাপারে বাফুফে সভাপতির যুক্তিটা বাস্তবভিত্তিকই, ‘সুপার কাপে সহজ ডিফেন্ডার পেয়ে আমাদের স্ট্রাইকাররা গোল করেছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে তো কঠিন ডিফেন্ডার পাবে। তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী দিতে হবে। যাতে আন্তর্জাতিক ফুটবলের জন্য তৈরি হতে পারে। ডিফেন্ডারদের জন্যও একই কথা প্রযোজ্য। তাই আপাতত বিদেশি কমানোর কথা ভাবছি না।’
তবে স্থানীয় খেলোয়াড় নিয়ে ফলপ্রসূ এই সুপার কাপ সালাউদ্দিনকে চিন্তার খোরাক ঠিকই জুগিয়েছে, ‘আগামী মৌসুমের পরের মৌসুমে বিদেশিদের জন্য নিয়মটা পাঁচ-তিন করতে চাই।’
স্থানীয় খেলোয়াড় নিয়ে সুপার কাপ সফল, কাজেই আগামী মৌসুমের সুপার কাপ স্থানীয়দের নিয়েই হতে পারে না? সালাউদ্দিন হ্যাঁ-ই বলছেন, ‘অবশ্যই হতে পারে। কাল (পরশু) ফাইনাল দেখে এত ভালো লেগেছে যে মনটা ভরে গেছে। স্থানীয় খেলোয়াড়েরা ভালো খেলেছে। লিখতে পারেন, আগামী মৌসুমেও সুপার কাপ শুধু স্থানীয়দের নিয়ে হবে।’
লিগে বিদেশিরা খেলুক, সুপার কাপ এবং স্বাধীনতা কাপ থাকুক বিদেশিমুক্ত। এই দাবি ফুটবলের জনতার। জনতার চোখে সুপার কাপ যে এখন উন্নতির এক ‘সুপার যান’!