সুপার কাপের ফাইনালে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে উঠল মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার সেমিফাইনালে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। সেমিফাইনালে বিদায়—এটা যেন নিয়তিই হয়ে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধার। এই মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও তারা হেরেছিল শেষ চারে। আজও সেমির ‘গেরোতেই’ আটকা পড়ল মুক্তিযোদ্ধা। তবে বাস্তবতা মেনে নিয়ে কোচ শফিকুল ইসলাম (মানিক) নিজেদের সামর্থ্যেই খুশি থাকতে চাইলেন, ‘মুক্তিযোদ্ধা ফাইনালে খেললে সেটা বড় চমকই হতো।’ চমকটা দেখাতে পারেনি মুক্তিযোদ্ধা। উল্টো পুরো টুর্নামেন্টে সমর্থকদের চমক উপহার দিয়েছে মোহামেডান। গতিময় ফুটবল খেলা মোহামেডানের খেলোয়াড়দের টিম স্পিরিটই বলে দিচ্ছিল তারা কতটা সাফল্যপিয়াসী ছিল সুপার কাপে। অথচ এই মোহামেডানই সুপার কাপে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল এবার। শেষ পর্যন্ত ২৫ জুনের ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ সাদাকালো দলটিই।ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া গোলটি করেন ওয়াহেদ—বক্সের সামান্য বাইরে থেকে মোবারকের দর্শনীয় ক্রস থেকে মাথা ছুঁয়ে। ব্যবধান দ্বিগুণ করা মোবারকের গোলটি ছিল ৬২ মিনিটে। মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান মোবারক। বক্সের প্রায় ২৫ গজ দূর থেকে গোলরক্ষক জিয়ার মাথার ওপর দিয়ে বল তুলে দেন এই তরুণ স্ট্রাইকার (২-০)। মুক্তিযোদ্ধা প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল; কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার বিপ্লব। আর দুই গোলে পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধা তো বাকি সময়ে হালই ছেড়ে দিল যেন।